আজকের দিনেগ্রীন রুম

নায়ক থেকে ভিলেন! নতুন অবতারে দর্শককে চমকে দিতে প্রস্তুত হৃতিক রোশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে বলিউডে একজন আদর্শ নায়ক কিংবা ইতিবাচক চরিত্রের মুখ হিসেবেই পরিচিত হৃতিক রোশন। দর্শকদের কাছে তাঁর এই ‘ভাল ছেলে’ ইমেজ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে পরিচালকরাও তাঁকে সাধারণত সেই ধরনের চরিত্রেই কাস্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একজন শিল্পীর ভেতরে নতুন কিছু করার আকাঙ্ক্ষা জন্ম নেয়। ব্যতিক্রম নন হৃতিকও। এবার তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, প্রচলিত ছকের বাইরে গিয়ে জটিল, ধূসর এমনকি খলচরিত্রেও অভিনয় করতে আগ্রহী হৃতিক।

সম্প্রতি প্যারিস সফরের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন অভিনেতা হৃতিক রোশন।   ছবিতে দেখা যাচ্ছে, রাতের প্যারিসের একটি রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলছেন অভিনেতা, আর তাঁর ব্যাকগ্রাউন্ডে আলোয় ঝলমল করছে আইফেল টাওয়ার। মাথায় কালো ক্যাপ, ডার্ক জ্যাকেট আর স্কার্ফ জড়ানো হৃতিককে বরাবরের মতোই হ্যান্ডসাম দেখাচ্ছিল। আইফেল টাওয়ারের সামনে তোলা ছবির ক্যাপশনেই তিনি জানান – “এইমাত্র আমাকে কেউ জিজ্ঞেস করল, আমি ঠিক কি ধরনের চরিত্র খুঁজছি”। তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কেমন চরিত্রে অভিনয় করতে চান, তখন তাঁর মনে প্রথমেই আসে ‘লাক বাই চান্স’ ছবির ” জাফর ” চরিত্রটির কথা। সেই চরিত্রটি ছিল জনপ্রিয় ও সাফল্যের আড়ালে থাকা এক জটিল ব্যক্তিত্বের প্রতিচ্ছবি, যার মধ্যে যেমন আকর্ষণ ছিল, তেমনই ছিল নানা দুর্বলতা ও দ্বন্দ্ব।

হৃতিকের বক্তব্যে স্পষ্ট, তিনি এখন এমন চরিত্র খুঁজছেন যা নিখুঁত নায়কোচিত ভাবমূর্তির বাইরে গিয়ে মানুষের বাস্তব ও অন্ধকার দিকগুলোকে তুলে ধরবে। তাঁর মতে, পরিচালকেরা এখনও তাঁকে মূলত ইতিবাচক চরিত্রের জন্যই ভাবেন, যা একজন অভিনেতা হিসেবে তাঁর সম্ভাবনার পরিধিকে সীমাবদ্ধ করে দেয়। অভিনেতার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বলিউডে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ‘লাক বাই চান্স’-এর পরিচালক জোয়া আখতারের প্রতিক্রিয়া আরও কৌতূহল বাড়িয়েছে। তিনি মজার ছলে হৃতিককে ক্যাফেতে বসে এই বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেন। এর ফলে ভবিষ্যতে জোয়া ও হৃতিকের নতুন প্রজেক্টের সম্ভাবনাকে আরো বেশি উস্কে দিয়েছে ।

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রাখা হৃতিক রোশন বারবার প্রমাণ করেছেন যে তিনি শুধু তারকা নন, একজন দক্ষ অভিনেতাও। ‘কহো না… পেয়ার হ্যায়’ থেকে শুরু করে ‘কোই মিল গয়া’, ‘ধুম ২’, ‘জোধা আকবর’, ‘সুপার ৩০’ কিংবা ‘ওয়ার’— নানা ধরনের চরিত্রে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। তবে এখন মনে হচ্ছে, তিনি নিজের অভিনয় জীবনের আরও এক নতুন অধ্যায়ের সন্ধানে রয়েছেন।বর্তমানে হৃতিকের সামনে একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। বহুল প্রতীক্ষিত ‘ক্রিশ ৪’-এর মাধ্যমে তিনি পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন। একইসঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের জন্যও নতুন প্রযোজনা নিয়ে কাজ করছেন। কিন্তু এসবের মাঝেও তাঁর খলচরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে, তিনি এখন নিজেকে নতুনভাবে আবিষ্কার করার জন্য প্রস্তুত।

বলিউডে দীর্ঘদিনের নায়ক ইমেজ ভেঙে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা সহজ নয়। তবে হৃতিক রোশনের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে দর্শকরা তাঁকে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে দেখতে পারেন। আর যদি সত্যিই সেই সুযোগ আসে, তাহলে ‘গ্রিক গড’-এর খলনায়ক রূপ কতটা ঝড় তুলতে পারে, তা দেখার অপেক্ষায় থাকবে গোটা সিনেমাপ্রেমী মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *