Sagar-Sumanta : ‘পরিকল্পনা আর স্বচ্ছতাই প্রথম কাজ’ — সাগরে বঙ্কিমকে হারিয়ে চমক শিক্ষক-বিধায়ক সুমন্তর !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি: – ২০২৬-এর বিধানসভা ভোটে সাগর কেন্দ্রে বড় অঘটন। প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে হারিয়ে বিধায়ক হলেন ফ্রেজারগঞ্জের শিক্ষক সুমন্ত মণ্ডল। জয়ের পরই বার্তা দিলেন, “আমি মানুষের বিধায়ক। পরিকল্পিত উন্নয়ন আর দুর্নীতিমুক্ত এলাকাই লক্ষ্য।”
নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জেটিঘাট সংলগ্ন এলাকার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে সুমন্ত। ছোটবেলা থেকেই মেধাবী। উচ্চশিক্ষার পর শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। মিষ্টভাষী, সরল ও সাদাসিধে জীবনযাপনের জন্য এলাকায় পরিচিত মুখ তিনি। ক্লাসরুম থেকে বিধানসভা— এই যাত্রাটাই এখন চর্চার বিষয় সাগর-নামখানায়।
বিধায়ক হয়েও বদলাননি জীবনযাপন। ফ্রেজারগঞ্জের রাস্তার ধারে ছোট্ট ঘরেই সকাল থেকে বসছেন। শুনছেন মানুষের অভাব-অভিযোগ। জয়ের খবর ছড়াতেই ফ্রেজারগঞ্জ, নামখানা ও সাগরের বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় মানুষজন দলে দলে এসে ফুল-মালা দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। কেউ নিয়ে আসছেন মিষ্টির প্যাকেট, কেউ বা নিজের জমির সবজি। আবেগে ভাসছেন এলাকার সাধারণ মানুষ। তাঁদের দাবি, “এই প্রথম আমাদের ঘরের ছেলেকে বিধায়ক হিসেবে পেলাম।”
সংবর্ধনার ভিড় সামলেই কাজে নেমে পড়েছেন সুমন্ত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, তাঁর প্রথম কাজ হবে এলাকার জন্য সুপরিকল্পিত কর্মসূচি তৈরি করা। কোন গ্রামে রাস্তা দরকার, কোথায় বাঁধ মেরামত জরুরি, কোন এলাকায় পানীয় জলের সমস্যা— সব কিছুর তালিকা তৈরি করে ধাপে ধাপে সমাধানের রাস্তায় হাঁটতে চান।
“শুধু প্রতিশ্রুতি নয়, কাজ দিয়ে আস্থা অর্জন করতে চাই। উন্নয়নের পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া আমার প্রধান লক্ষ্য,” বললেন নবনির্বাচিত বিধায়ক। আরও যোগ করলেন, পঞ্চায়েত থেকে ব্লক অফিস— কোথাও যেন সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে না হয়, সেটা নিশ্চিত করবেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবেন। রাজনীতির শীর্ষে পৌঁছেও মাটির টান ভোলেননি শিক্ষক-বিধায়ক। ছোট্ট ঘরটাকেই আপাতত ‘জনতা দরবার’ বানিয়ে ফেলেছেন।
হেভিওয়েট বঙ্কিম হাজরাকে হারিয়ে সাগরে নতুন মুখ সুমন্ত মণ্ডল। শিক্ষক থেকে বিধায়ক হওয়ার এই যাত্রায় তাঁকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সাগর ও নামখানার মানুষ। পরিকল্পনা আর স্বচ্ছতার বার্তা দিয়ে শুরু হল ‘মানুষের বিধায়কের’ পথচলা।
