আজকের দিনেবাংলার আয়না

নামখানায় কাটমানি ফেরতের হিড়িক: সভা ডেকে ৪৫ জনকে ৫০০০ টাকা ফেরালেন তৃণমূল নেতা মাধব লায়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ স্বীকার করে রাতারাতি টাকা ফেরালেন দক্ষিণ ২৪ পরগনার নামখানার তৃণমূল নেতা মাধব লায়া। শিবরামপুর পঞ্চায়েতে সভা ডেকে ৪৫ জন উপভোক্তাকে ৫০০০ টাকা করে ফেরত দিলেন তিনি। ঘটনায় সাগর বিধানসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

দীর্ঘদিন ধরেই রাজ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছিল। নামখানা ব্লকের শিবরামপুর পঞ্চায়েতে এবার হাতেনাতে প্রমাণ মিলল। স্থানীয় তৃণমূল নেতা মাধব লায়া প্রকাশ্যে স্বীকার করেন, তিনি উপভোক্তাদের কাছ থেকে ৫০০০ টাকা করে নিয়েছিলেন।

গতকাল সভা ডেকে ৪৫ জন গ্রাহককে তিনি সেই টাকা ফেরত দেন। কেন টাকা নিয়েছিলেন, এ প্রশ্নের উত্তরে মাধব লায়া জানান, “এই টাকা না দিলে এই মানুষগুলো আবাস যোজনার ঘর পেতেন না।” এখন ওই উপভোক্তারা পাশে না থাকায় তিনি টাকা ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি করেন।

একইসঙ্গে তিনি জানান, আগামী দিনে রাজনীতি করবেন কিনা তা এখনও সিদ্ধান্ত নেননি। ঘটনার পর স্থানীয় বিজেপি নেতা দিলীপ প্রধান ও বিপ্লব নায়েক তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কাটমানি দেওয়া উপভোক্তা শ্যামলী চক্রবর্তীও প্রতিক্রিয়া দিয়েছেন।

রাজ্যে পালাবদলের পর থেকেই কাটমানি ফেরতের চাপ বাড়ছিল নেতাদের উপর। সেই চাপের মুখে নামখানার এই ঘটনা নতুন করে রাজ্য রাজনীতিতে বিতর্ক তৈরি করেছে। তৃণমূল নেতার এই পদক্ষেপের পর সাগর বিধানসভা এলাকায় কাটমানি ইস্যুতে শাসক-বিরোধী তরজা আরও জোরালো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *