Mann Ki Baat : তীব্র তাপপ্রবাহে সতর্ক করলেন মোদী, ‘মন কী বাত’-এ জল সংরক্ষণ ও দেশীয় পানীয়ে জোর !
কিউ ইন্ডিয়া বাংলা:- দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের আবহে ‘মন কী বাত’-এর ১৩৪তম পর্বে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল গরম থেকে বাঁচার পরামর্শ। একইসঙ্গে জল সংরক্ষণ, দেশীয় খাবার-পানীয় ও ক্রীড়াক্ষেত্রে ভারতের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি।
রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের বহু অংশে মারাত্মক গরম ও লু বইছে। এই পরিস্থিতিতে সুস্থ থাকতে নিয়মিত জল খাওয়া, প্রয়োজন ছাড়া রোদে না বেরোনো এবং সরকারি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেন তিনি। মোদীর কথায়, ‘প্রবল রোদ ও গরম হাওয়ার মধ্যে নিজেদের যত্ন নেওয়া খুব জরুরি। খুব প্রয়োজন না হলে রোদে বেরোবেন না।’
গরম মোকাবিলায় ভারতীয় ঐতিহ্যবাহী খাবার ও পানীয়ের কথা বিশেষভাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মাটির হাঁড়ির জল, ঘরে পাতা দই, কাঁচা আমের শরবতের পাশাপাশি উত্তর ভারতের আমপানা, পাঞ্জাব-হরিয়ানার লস্যি, রাজস্থান-গুজরাটের ছাঁস, বিহার-ঝাড়খণ্ডের ছাতুর শরবত, কোঙ্কণ-গোয়ার কোকুম শরবত এবং দক্ষিণের পানাকাম ও সাম্বারমের কথা বলেন। তাঁর মতে, এই পানীয়গুলি শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরে।
গরমের ফল আম নিয়েও কথা বলেন মোদী। মহারাষ্ট্রের হাপুস, গুজরাটের কেশর, উত্তরপ্রদেশের দশেহরি ও বারাণসীর ল্যাংড়া আমের নাম করে দেশের আঞ্চলিক বৈচিত্র্যের দিকটি তুলে ধরেন তিনি।
গত সপ্তাহেও সোশ্যাল মিডিয়ায় তাপপ্রবাহ নিয়ে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী। হাইড্রেটেড থাকা, সঙ্গে জল রাখা এবং বাড়িতে আসা তৃষ্ণার্ত মানুষকে জল দেওয়ার আবেদন জানিয়েছিলেন। পশু-পাখিদের জন্যও বাড়ির বাইরে জল রাখতে বলেছিলেন তিনি।
এদিনের পর্বে জল সংরক্ষণকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেন মোদী। বর্ষার আগে পুকুর পরিষ্কার, বৃষ্টির জল ধরে রাখা এবং জলাশয় পুনরুজ্জীবনের মতো কাজে জনঅংশগ্রহণকে ‘জন আন্দোলন’-এ পরিণত করার ডাক দেন।
পাশাপাশি ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলেটদের সাফল্যের কথাও উল্লেখ করেন। গুরিন্দরবীর সিং, বিশাল টি কে, তেজস্বীন শঙ্কর, দেব মীনা এবং কুলদীপ কুমার চারটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বলে জানিয়ে তাঁদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তীব্র গরমে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি জল সংরক্ষণ ও দেশীয় ঐতিহ্যকে সামনে আনলেন প্রধানমন্ত্রী। খেলাধুলায় দেশের উঠতি অ্যাথলেটদের রেকর্ড ভাঙা সাফল্যকেও ‘মন কী বাত’-এর মঞ্চ থেকে কুর্নিশ জানালেন নরেন্দ্র মোদী।
