আজকের দিনেবাংলার আয়না

তারকেশ্বরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে বেআইনি অস্ত্র উদ্ধার, চাঞ্চল্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- হুগলির তারকেশ্বর থানার বালিগুড়ি ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীর বাড়ি থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সিকন্দর সাউ ওরফে টুনটুন। স্থানীয়ভাবে তিনি সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার তারকেশ্বর থানার পুলিশ তাঁর বাড়িতে আচমকা তল্লাশি অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশির পর বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় বেআইনি অস্ত্র। তবে কী ধরনের অস্ত্র বা সংখ্যায় কত, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। স্থানীয়দের দাবি, বালিগুড়ি ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্তের যথেষ্ট প্রভাব ছিল। দলের কর্মসূচি থেকে শুরু করে এলাকার বিভিন্ন বিষয়ে তাঁর কথাই শেষ কথা ছিল বলে অভিযোগ। বিশেষ করে রামেন্দু সিংহরায়ের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন সিকন্দর। রাজনৈতিক মহলে তাঁর দাপটের কথা জানতেন অনেকেই। ভোটের সময় বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে এলাকার সমীকরণ নিয়ন্ত্রণে তাঁর বড় ভূমিকা থাকত বলে দাবি স্থানীয়দের একাংশের।

গোপন সূত্রে অস্ত্র মজুতের খবর পেয়েই নড়েচড়ে বসে তারকেশ্বর থানা। কোনওরকম ঝুঁকি না নিয়ে বাড়তি পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। আচমকা পুলিশি হানায় হতবাক হয়ে যান আশপাশের বাসিন্দারাও। অস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

অস্ত্র উদ্ধারের পরই অভিযুক্ত সিকন্দর সাউকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। কোথা থেকে অস্ত্র এল, কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, এর পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক যোগসাজশ রয়েছে কিনা সেটাও তদন্তের আওতায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত গোটা এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *