ঈদ উপলক্ষ্যে তারেককে মোদির চিঠি, ‘শান্তি-স্থিতিশীলতায় একসঙ্গে পথ চলবে দুই দেশ’
কিউ ইন্ডিয়া বাংলা:-ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় দূতাবাস সেই চিঠি প্রকাশ করে।
চিঠিতে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘এই পবিত্র উৎসবটি ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। সারা দেশে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এটি উদযাপন করেন।’ মোদি আরও বলেন, “ইদ-উল-আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের প্রতীক, যা গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য।” দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, “ত্যাগ, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করেই ভারত-বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে।”
বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করে মোদি লেখেন, ‘মানবতার স্বার্থে, দু’দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ ভারত।’একইসঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের জনগণের অগ্রগতি এবং সমৃদ্ধিও কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদি।
ইদ উপলক্ষে দুই দেশের শীর্ষ নেতৃত্বের এই শুভেচ্ছা বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে কূটনৈতিক মহল। বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফে চিঠিটি প্রকাশের পর দুই দেশের নেটিজেনদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
