আজকের দিনেতিলোত্তমা

EID : নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে ইদের নমাজ এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কৌশলগত নিরাপত্তা ও বৃহত্তর জমায়েতের সুবিধার কথা মাথায় রেখে এবার রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইদের নমাজের আয়োজন করছে রাজ্য সরকার। সুষ্ঠুভাবে ধর্মাচরণ নিশ্চিত করতেই এই নতুন সিদ্ধান্ত বলে জানিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, রেড রোডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে ভারতীয় সেনাবাহিনীর হাতে। সেনা সূত্রের খবর, কৌশলগত নিরাপত্তার স্বার্থে রেড রোডে বড় জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। গত বছর নমাজের প্রধান আয়োজক সংস্থা ‘খিলাফত কমিটি’-কে এই বিষয়ে অবহিত করা হয়েছিল। তবে সেবার বিশেষ বিবেচনায় ‘শেষবারের মতো’ ছাড় দিয়েছিল ফোর্ট উইলিয়াম।

বর্তমান পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন ধর্মাচরণের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার দিয়েছে। সেই অধিকার সুরক্ষিত রাখতে এত বড় জমায়েতের জন্য আরও প্রশস্ত ও নিরাপদ জায়গা হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে বেছে নেওয়া হয়েছে। খিলাফত কমিটি-সহ সংশ্লিষ্ট আয়োজকদেরও আগাম বার্তা দিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, তৃণমূল জমানায় রেড রোডের ইদের নমাজ বিশেষ গুরুত্ব পেয়েছিল। প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য ইদের মঞ্চে না গেলেও, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সেখানে হাজির হতেন। সাম্প্রতিক বছরগুলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি মঞ্চে আনতেন।

নবান্নের এক শীর্ষ কর্তার বক্তব্য, ব্রিগেডের মাঠে বড় ধর্মীয় অনুষ্ঠান নতুন নয়। বাম ও তৃণমূল—উভয় জমানাতেই ব্রিগেডে বহু ধর্মীয় সমাবেশ হয়েছে। গত বছরই সেখানে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’-এর মতো বিরাট অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করেছে প্রশাসন। তাই আইনশৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও নামাজিদের সুবিধার দিক খতিয়ে দেখে এত বড় জমায়েতের জন্য ব্রিগেডকেই সবচেয়ে উপযুক্ত ও নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকারের আশা, নতুন ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলার সঙ্গে ইদের নমাজ সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *