আবহাওয়ার রদবদল: উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, বুধ থেকে কালবৈশাখীর তাণ্ডব দক্ষিণবঙ্গে!
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জেরে বাংলার আবহাওয়ায় পরিবর্তনের ঈঙ্গিত মিলল । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমলেও দক্ষিণবঙ্গে তা এক ধাক্কায় অনেকটাই বাড়বে। বিহারে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং তা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার (যা ঝাড়খণ্ড ও ওড়িশার ওপর দিয়ে গেছে) জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর প্রভাবে বুধবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে কমবে গরমের অস্বস্তি, তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
এক নজরে দেখে নিন আগামী কয়েকদিন আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে:
উত্তরবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস
-
আজ ও আগামীকাল: আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
-
বুধবার: জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই দিন থেকেই উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।
-
বৃহস্পতিবার পর্যন্ত: দার্জিলিং থেকে মালদা— উত্তরবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবারের পর আর কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই।
দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস
-
আজ ও আগামীকাল: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেল থেকে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
ধেয়ে আসছে কালবৈশাখী
বুধবার থেকে দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি কমবে এবং ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার— এই তিন দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।
-
বুধবার: কালবৈশাখীর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
-
বৃহস্পতিবার: ঝড়-বৃষ্টির দাপট বাড়বে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলায়।
-
শুক্রবার: ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় কালবৈশাখীর দাপট বেশি থাকবে।
-
শনিবার: সপ্তাহের শেষ দিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি
বুধবার থেকে শনিবারের মধ্যে ঝড়-বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। ফলে তীব্র গরম থেকে সাময়িক মুক্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী।
