আজকের দিনেবিশ্বভারত

LPG : যুদ্ধের হরমুজ পেরিয়ে গুজরাটে ভিড়ল এলপিজি-বোঝাই জাহাজ, স্বস্তিতে ভারত !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামার মাঝেই ভারতের জন্য এল স্বস্তির খবর। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ২০ হাজার টন এলপিজি বোঝাই একটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে ভিড়ল গুজরাটের দীনদয়াল বন্দরে।

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গত ৭৫ দিনেরও বেশি সময় ধরে অবরুদ্ধ হরমুজ প্রণালী। ইরান ও আমেরিকার নজর এড়িয়ে এই জলপথে জাহাজ চলাচল কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এমন অবস্থাতেই গত ১৩ মে হরমুজ পেরোয় জ্বালানি গ্যাস বোঝাই জাহাজটি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কাতারের রাস লাফান টার্মিনাল থেকে জাহাজটি এনেছে। ২১ জন বিদেশি নাবিক মার্কিন অবরোধ ও ইরানের নজরদারি এড়িয়ে জাহাজটিকে নিরাপদে নিয়ে আসেন। এতে রয়েছে ২০,০০০ টন এলপিজি। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত বুধবার হরমুজ পার করার সময় জাহাজটি নিজের রাডার সিস্টেম এবং অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। যার জেরে জাহাজটি কারও নজরে পড়েনি। এই সম্পূর্ণ অভিযান সফল করতে কেন্দ্রের চারটি মন্ত্রক সমন্বয় করে কাজ করেছে। বন্দর ও নৌপরিবহন মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল বলেন, ‘ডিজি শিপিং, বিদেশমন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের ফলেই জাহাজটি নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।’ উল্লেখ্য, মার্চ মাসের শুরু থেকে সব বাধা পেরিয়ে এখনও পর্যন্ত ১৩টি জাহাজ ভারতে এসেছে। এই জাহাজের ঠিক পিছনেই রয়েছে ভিয়েতনামের পতাকাবাহী আরেকটি এলপিজি ট্যাঙ্কার, এনভি সানশাইন। ৪৬,৪২৭ টন জ্বালানি নিয়ে সেটি নিউ ম্যাঙ্গালোর বন্দরের দিকে যাচ্ছে।

সংকটজনক পরিস্থিতির মাঝে এই জ্বালানি গ্যাস ভারতের জন্য বড় স্বস্তি। হরমুজ প্রণালীর অবরোধের মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রের এই তৎপরতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *