আজকের দিনেতিলোত্তমা

ভিসার টোপে অপহরণ, ৩ লক্ষ আদায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পাসপোর্ট-ভিসা করিয়ে দেওয়ার নাম করে দুই বাংলাদেশি নাগরিককে অপহরণের অভিযোগ উঠল। মুক্তিপণ হিসেবে নেওয়া হয় তিন লক্ষ টাকা। অভিযোগ, টাকা পাওয়ার পরেও আরও অর্থ দাবি করা হচ্ছিল। তদন্তে নেমে টেকনোসিটি থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে, যার মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে রাজীব লস্কর ও জুনায়েদ মিয়াঁ বৈধ ভিসা নিয়ে কলকাতায় আসেন। তাঁদের পরিকল্পনা ছিল ভারত থেকে তুরস্কে যাওয়ার। সেই ভিসা করানোর জন্য দালাল অচিন্ত্যকুমার পালের সঙ্গে যোগাযোগ করানো হয় হুমায়ুন কবির নামে এক ব্যক্তির মাধ্যমে। এরপর পাসপোর্ট-ভিসার কাজের কথা বলে দুই বাংলাদেশিকে ডেকে এনে আটকে রাখা হয় বলে অভিযোগ। মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা দাবি করা হয় এবং সেই টাকা বাংলাদেশের একটি ব্যাঙ্ক থেকে অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফারও করা হয়। কিন্তু তারপরেও আরও টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ।

এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। পরে হোটেলে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। অবৈধভাবে আটকে রেখে জোর করে টাকা আদায়ের অভিযোগে হুমায়ুন কবির ও অচিন্ত্য পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হবে। কেন অপহরণ করা হয়েছিল এবং ধৃতদের মধ্যে আগে থেকেই কোনও আর্থিক লেনদেন বা যোগসাজস ছিল কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *