আজকের দিনেবাংলার আয়না

বাগডোগরায় ৪ কোটির হিরে উদ্ধার, গ্রেপ্তার ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে বড়সড় হিরে পাচারের চেষ্টা ভেস্তে দিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরে নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনক আচরণের ভিত্তিতে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৮০৮.৩৩ ক্যারেট, অর্থাৎ প্রায় ১৬১.৬৬ গ্রাম হিরে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হিরের বাজার মূল্য আনুমানিক প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে।

ধৃত ব্যক্তির নাম দীপক কুমার মহাসুকলাল মেহেতা। তিনি দিল্লির বাসিন্দা। জানা গেছে, তিনি দিল্লি থেকে বাগডোগরা এসে নেপাল গিয়েছিলেন। পরে নেপাল থেকে ভারতে ফেরার সময় তাঁকে আটক করা হয়। ডিআরআই কর্তারা জানান, তাঁর কাছে উদ্ধার হওয়া হিরের কোনও বৈধ কাগজপত্র ছিল না। কোথা থেকে হিরেগুলি আনা হয়েছে বা কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি।

এরপরই কাস্টমস আইনের বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ধৃতকে শিলিগুড়ির আদালতে তোলা হলে বিচারক তাঁকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই ডিআরআই। কীভাবে এত মূল্যবান হিরে পাচারের চেষ্টা করা হচ্ছিল এবং এর পেছনে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *