নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু নাবালকের
কিউ ইন্ডিয়া বাংলাঃ কনভেন্ট লেনের একটি নির্মীয়মাণ বহুতল থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এন্টালি থানার পুলিশ। এরপ্র নাবালকের দেহ উদ্ধার হয় ওই বিল্ডিংয়ের লিফট ডাক্ট থেকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ। তবে এটি নিছক দুর্ঘটনা, না কি অন্য কোনও কারণ রয়েছে – তা এখনও নিশ্চিত নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ এন্টালি থানা এলাকার একটি চারতলা নির্মীয়মাণ বাড়ির ছাদে শুকনো কাপড় তুলতে যান কাজল কুমারী। সঙ্গে ছিল তাঁর নাবালক ছেলে প্রীতম। কাজ সেরে নীচে নামার সময় ছেলেকেও নেমে আসতে বলেন তিনি। কিন্তু নিজে নীচে পৌঁছনোর পর প্রীতমকে আর কোথাও দেখতে পাননি কাজল।প্রথমে ভেবেছিলেন, হয়তো আগেই নীচে নেমে গেছে ছেলে। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না মেলায় উৎকণ্ঠা বাড়ে। দ্রুত গোটা বিষয়টি জানান প্রীতমের বাবা রাজকুমার রাজবংশীকে। তারপরেই তাঁরা থানায় যান। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিস এসে ওই নির্মণীয়মান বহুতলের চারিপাশে খুঁজতে থাকে। পরে ওই নাবালককে উদ্ধার করা হয় বিল্ডিংয়ের ভিতরে লিফট বসানোর জন্য যে ফাঁকা জায়গা রাখা হয়েছিল, সেই লিফট ডাক্টের ভিতর থেকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায়। সঙ্গে সঙ্গে শিশুটিকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটির মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার ফলেই প্রীতমের মৃত্যু হয়েছে।
