ZUBIN GARG : ২৫ ফুটের গামোছায় জুবিন! শব্দে স্বর বুনে শ্রদ্ধার্ঘ্য অসমের মহিলার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- না থেকেও আছেন জুবিন গর্গ (ZUBIN GARG) । অসমের ভূমিপুত্রকে প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই অভিনব শ্রদ্ধা জানালেন অসমের মহিলা তাঁতি ডালিমি লাহন গগৈ। ২৫ ফুট দীর্ঘ ‘গামোছা’য় সুতো দিয়ে বুনে দিলেন জুবিনের গান আর কথা।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শো করতে গিয়ে প্রয়াত হন জুবিন (ZUBIN GARG) । জুবিনের মৃত্যুর এক মাস পরই ডালিমি এই কাজ শুরু করেন। প্রায় পাঁচ মাসের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছে এই ২৫ ফুটের ‘গামোছা’। এই শিল্পকর্মে জায়গা পেয়েছে জুবিনের ৯টি জনপ্রিয় গানের লিরিক্স। ‘মায়াবিনী’, ‘মোমোর শকতি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া’, ‘সপোন রঙ্গর টিকহা তুমি’, ‘রই রই বিনালে’, ‘অন্ধ আকাশ’ – এর মতো গান রয়েছে সুতোর বুননে। পাশাপাশি রয়েছে জুবিনের ৯টি স্মরণীয় উক্তিও।
ডালিমি জানিয়েছেন, জুবিনের গান বরাবরই তাঁকে অনুপ্রেরণা দিত (ZUBIN GARG) । সেই ভালোবাসা থেকেই অসমের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের মধ্যে জুবিনের সঙ্গীতকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন তিনি। তাঁর লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুবিনের গান পৌঁছে দেওয়া। এই অনন্য ‘গামোছা’ ইতিমধ্যেই স্থানীয়দের মন জয় করেছে। অনেকে বলছেন, এটি অসমের তাঁতশিল্প আর জুবিন গর্গের সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অসাধারণ মেলবন্ধন।
শব্দে স্বর বুনে ডালিমি প্রমাণ করলেন, শিল্পীরা মরে না। ২৫ ফুটের এই ‘গামোছা’ শুধু একটি কাপড় নয়, এটি অসমের ভালোবাসা, শ্রদ্ধা আর সংস্কৃতির প্রতীক। জুবিন শরীরে নেই, কিন্তু গানে-সুতোয় তিনি রয়ে গেলেন অসমের বুকে।
