USA-India : প্রতিরক্ষা-বন্ধু আমেরিকা: দিল্লিকে অ্যাপাচে-কামান সহ সমরাস্ত্র দিতে অনুমোদন !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রতিরক্ষা ক্ষেত্রে ফের জোটবদ্ধ ভারত ও আমেরিকা। দিল্লিকে অ্যাপাচে যুদ্ধ-হেলিকপ্টার ও এম-৭৭৭ কামানের যন্ত্রাংশ সহ ৪,৫৬৬ কোটি টাকার সমরাস্ত্র সাহায্যে অনুমোদন দিল ডোনাল্ড ট্রাম্প সরকার। লজিস্টিকস, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণও থাকছে এই প্যাকেজে।
গত ১৮ মে মার্কিন কংগ্রেসের বিদেশ দপ্তর সংক্রান্ত কমিটি ভারতকে সামরিক সহায়তার আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ১৭ জুন মার্কিন ‘ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি’ ফেডারেল রেজিস্টারে এই নোট প্রকাশ করে।
চুক্তি অনুযায়ী, অ্যাপাচে AH-64E হেলিকপ্টারের যন্ত্রাংশ বাবদ খরচ ১৯ কোটি ৮২ লক্ষ ডলার। আর এম-৭৭৭ আল্ট্রালাইট হাউইৎজার কামানের প্যাকেজের মূল্য প্রায় ২৩ কোটি ডলার। দুটি প্যাকেজেই রয়েছে লজিস্টিকস, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সাহায্য এবং মেরামতি ও রক্ষণাবেক্ষণ।
অ্যাপাচে AH-64E একসঙ্গে ১২৮টি লক্ষ্যবস্তু চিহ্নিত করে ১২টিতে আঘাত হানতে পারে। এতে রয়েছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র, রকেট এবং ৩০ এমএম অটোক্যানন। যা থেকে দু’মিনিটে ১,২০০ রাউন্ড গুলি ছোড়া যায়। ২৮০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম এই যুদ্ধকপ্টার ভারত ছাড়াও আমেরিকা ও ইজরায়েল ব্যবহার করে।
অন্যদিকে, ১৪৫টি এম-৭৭৭ ‘হাউইৎজার’ কামান টাইটেনিয়াম দিয়ে তৈরি হওয়ায় ওজন মাত্র ৪ টন। হালকা হওয়ায় হেলিকপ্টারে ঝুলিয়ে ১৬ হাজার ফুট উচ্চতার সীমান্ত চৌকিতেও পৌঁছে দেওয়া যায়। ১৫৫ এমএম-এর এই কামান ২৪ থেকে ৪০ কিলোমিটার দূরে ভারী গোলাবর্ষণে সক্ষম। লাদাখ ও অরুণাচলের দুর্গম চিন সীমান্তে ভারী বফর্স পাঠানো কঠিন হওয়ায় সেখানে বড় ভরসা হবে এই ‘হাউইৎজার’।
চিন সীমান্তে উত্তেজনার আবহে আমেরিকার এই সামরিক সহায়তা ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করবে বলেই মনে করছে কূটনৈতিক মহল। অ্যাপাচে ও এম-৭৭৭ হাতে পেলে দুর্গম এলাকায় দ্রুত সেনা মোতায়েন ও আক্রমণের সক্ষমতা অনেকটাই বাড়বে ভারতের।
