Trump : ট্রাম্প প্রশাসনের অনুমতিতে বিশ্বকাপে খেলবে ইরান, সন্তোষ প্রকাশ মার্কিন প্রেসিডেন্টের !
কিউ ইন্ডিয়া বাংলা:-ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সবুজ সংকেত দিলেন ডোনাল্ড ট্রাম্প । গতকাল পয়লা মে বৃহস্পতিবার গভীর রাতে সে কথা জানালেন ফিফা সভাপতি জিয়াননি ইনফান্টিনো । তিনি বলেন, আমেরিকার মাটিতেই বিশ্বকাপ খেলবে ইরান। এবং এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট খুব খুশি।
বিগত কয়েক দশক ধরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্কের টানাপোড়ানের কথা গোটা বিশ্বের কাছে অজানা নয়। বিগত ২৮ শে ফেব্রুয়ারি ইজরায়েলের সঙ্গে যৌথ অভিযানে ইরানের ওপর আক্রমণ শুরু করে আমেরিকা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এর মৃত্যুর পর থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। তারপর থেকে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা যায়। সেই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ইরানের ফুটবল দল আমেরিকায় বিশ্বকাপ খেলতে না এলেই ভালো করবে । এমনকি ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজকে ঘুরিয়ে সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয় । কারণ তিনি অতীতে আইআরজিসির সদস্য ছিলেন । পাল্টা ইরানের পক্ষ থেকে জানানো হয় আমেরিকার মাটিতে তারা বিশ্বকাপ খেলতে চায় না। তাদের দেশের সমস্ত ম্যাচ যেন মেক্সিকোতে সরিয়ে দেওয়া হয় ফিফার কাছে আর্জি জানিয়েছিল তারা। কিন্তু কোন মতেই তারা বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে না। তারপর দীর্ঘ টালবাহানার পর এই বিষয়ের জট কেটেছে। ফিফা কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, অবশ্যই ইরান বিশ্বকাপে অংশ নেবে। তারা আমেরিকায় খেলবে।” তবে ইরানের ফুটবলার এবং দলের অন্যান্য সদস্যদের মার্কিন ভিসা পেতে সমস্যা হতে পারে বিশ্বকাপের সময়।
ইরানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্তে বেশ খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কোনও আপত্তি নেই। জিয়ান্নি যদি বলে থাকে তাহলে একদম ঠিক আছে। আসলে জিয়ান্নি আমার খুব ভালো বন্ধু। এই নিয়ে আমার সঙ্গেও আলোচনা করেছিল।” উল্লেখ্য, ফিফার বিশেষ শান্তি পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন ইনফান্তিনো।
