আজকের দিনেবাংলার আয়না

সিঙ্গুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টু কোলে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- তোলাবাজি, মারধর, বাড়ি ভাঙচুর ও হুমকির একাধিক অভিযোগে সিঙ্গুরে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য অষ্টু কোলে। বুধবার চন্দননগর আদালতে তোলা হয় বড়া গ্রাম পঞ্চায়েতের কমলাপুর পূর্বপাড়ার এই সদস্যকে।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বড়া গ্রাম পঞ্চায়েতের কমলাপুর পূর্বপাড়ার তৃণমূল সদস্য অষ্টু কোলের বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ উঠছিল। স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর অভিযোগ, পঞ্চায়েতের কাজ পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করতেন তিনি। টাকা না দিলে মারধর, বাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হত। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা গত সপ্তাহে সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে অষ্টু কোলে সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। ২রা জুন ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়। ধারাগুলির মধ্যে রয়েছে ৩২৩, ৩২৫, ৪২৭, ৫০৬ এবং ৩৮৪ — অর্থাৎ মারধর, গুরুতর আঘাত, সম্পত্তি নষ্ট, অপরাধমূলক ভীতি প্রদর্শন ও তোলাবাজি। তদন্তে নেমে মঙ্গলবার বিকেলে কমলাপুর এলাকা থেকেই অষ্টু কোলেকে আটক করে সিঙ্গুর থানার পুলিশ। থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। রাতেই তাঁকে গ্রেফতার দেখানো হয়। আজ সকালে কড়া পুলিশি পাহারায় তাঁকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে বলে সূত্রের খবর।

আদালতে যাওয়ার সময় ধৃত তৃণমূল সদস্য দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপি মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। এদিকে এই গ্রেফতারির পর সিঙ্গুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *