আজকের দিনেবাংলার আয়না

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের হামলা, নিখোঁজ মধু সংগ্রাহক গোপাল চক্রবর্তী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের হামলার শিকার হলেন গোপাল চক্রবর্তী নামে এক ব্যক্তি। রবিবার সকাল থেকে তিনি নিখোঁজ। দেহ উদ্ধারে বনদপ্তর ও স্থানীয়দের তল্লাশি চলছে।

জানা গেছে, গত শনিবার কুলতলির দেউলবাড়ি গ্রামের সনত কয়াল, বাদল চক্রবর্তী এবং গোপাল চক্রবর্তী বনদপ্তরের অনুমতি নিয়ে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহে যান। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ ঝিলার জঙ্গলের কাছে হঠাৎ একটি বাঘ গোপাল চক্রবর্তীর ওপর ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে বাকি দুই সঙ্গী প্রাণ বাঁচাতে সরে যান। পরে গ্রামে ফিরে তাঁরা ঘটনাটি জানান। নিখোঁজ গোপাল চক্রবর্তীর বয়স ৪৬ বছর। পিতা গৌরাঙ্গ চক্রবর্তী। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী। খবর পেয়ে রবিবার দুপুর থেকেই বনদপ্তরের কর্মী, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা স্পিডবোট ও লঞ্চ নিয়ে খাঁড়ি এলাকায় তল্লাশি শুরু করেন। সোমবারও তল্লাশি জারি রয়েছে। তবে এখনও পর্যন্ত দেহের কোনও খোঁজ মেলেনি। বনদপ্তরের এক আধিকারিক জানান, “জোয়ারের জল নামলে ফের খাঁড়ি ও জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশি জোরদার করা হবে।”

এই মর্মান্তিক ঘটনায় গোপাল চক্রবর্তীর পরিবার ও গোটা দেউলবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহে যান সুন্দরবনের মানুষ। চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার বাঘের হামলার ঘটনা ঘটল। নিখোঁজ ব্যক্তির দ্রুত খোঁজ মেলার আশায় প্রহর গুনছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *