রাজ্যপালের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ: ‘সংবিধান ও বাংলাকে বাঁচান’, আর্জি বিরোধী দলনেতার
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন আর. এন. রবি। শপথগ্রহণের ঠিক একদিন পরেই রাজভবনে (লোকভবন) গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নবনিযুক্ত রাজ্যপালকে কমলা রঙের গোলাপ এবং শ্রীমদ্ভগবদ্গীতা উপহার দিয়ে স্বাগত জানান তিনি। প্রায় ৩০ মিনিটের এই একান্ত বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন শুভেন্দু।
সাক্ষাৎ শেষে রাজভবনের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, তিনি রাজ্যপালকে হাতজোড় করে সংবিধান রক্ষার আবেদন জানিয়েছেন। তাঁর অভিযোগ-
বিরোধীদের কণ্ঠরোধ: গত ৫ বছরে বিরোধী দলনেতাকে প্রায় সাড়ে ১১ মাস বিধানসভার বাইরে রাখা হয়েছে এবং পাঁচবার সাসপেন্ড করা হয়েছে।
নিরাপত্তাহীনতা: খগেন মুর্মুর ওপর হামলা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের ওপর আক্রমণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ রাজ্যে বিরোধী সাংসদ ও বিধায়করা নিরাপদ নন।
প্রশাসনের ভূমিকা: রাজ্যের আমলারা অবসর নিলেও প্রকৃত অর্থে বিদায় নেন না, বরং সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেন। এমনকি বিচারব্যবস্থাও এখানে আক্রান্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অভিযোগ করেন, এ রাজ্যে ‘তোষণ রাজনীতি’ চলছে। তিনি জানান, “সীমান্তের ৫৫০ কিলোমিটার এলাকায় বেড়া নেই। হু হু করে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা ঢুকছে, যার ফলে বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে। আমি রাজ্যপালকে বলেছি, বাংলাকে বাঁচান।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাংলা সফর নিয়ে চলা বিতর্ককে ‘ক্লোজ চ্যাপ্টার’ মানতে নারাজ বিরোধী দলনেতা। তিনি জানান, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তিনি হুঁশিয়ারি দেন, “আজকের আন্দোলনে যোগ দেওয়ায় যদি কারও বেতন কাটা হয় বা জুলুম করা হয়, তবে বিরোধী দলনেতা তাঁদের পাশে থাকবে।” তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজেপি সরকার এলে বেতন বৃদ্ধি নিশ্চিত হবে।
