সংস্কার চলছে রাইটার্সে, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক বিধানসভায়
কিউ ইন্ডিয়া বাংলা:- দীর্ঘ ১৫ বছর পর রাজ্যে পালাবদল হয়েছে। বাংলায় নতুন সরকারের শপথগ্রহণ আজ । শনিবার শপথগ্রহণের পরে কোথায় হবে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক? কোথায় বসবেন নতুন মুখ্যমন্ত্রী? এ নিয়ে বিস্তর জল্পনা চলছে গত ক’দিন ধরে। তবে শুক্রবার রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রাইটার্স বিল্ডিংসের তিনতলায় মুখ্যমন্ত্রীর কক্ষ তৈরির কাজ পুরোদমে চললেও তা আগামী কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, এমন নয়। তাই আপাতত শপথ গ্রহণের পরে নতুন মুখ্যমন্ত্রী বসবেন বিধানসভা ভবনে।
সেখানে রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘর রং করে তৈরি রাখা হয়েছে। বিজেপি নেতৃত্ব আগেই জানিয়েছিলেন, ক্ষমতায় এসে নবান্ন নয়, রাজ্য সচিবালয় চলবে রাইটার্স বিল্ডিংস থেকে। তবে মহাকরণের সংস্কার এখনও অনেকখানি বাকি থাকায় আপাতত বিধানসভা ভবন থেকে কাজ চলবে। সূত্রের দাবি, আজ মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পরে একবার সেখানে যেতে পারেন। তারপরে তাঁর চলে যাওয়ার কথা বিধানসভায়। সেখানে প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনে দু’টি হল আছে। একটি হলে গোল টেবিল বৈঠকের ব্যবস্থা রয়েছে। সেখানেই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে ।বিধানসভায় প্রতিটি দপ্তরের মন্ত্রীর জন্য আলাদা কক্ষ বরাদ্দ রয়েছে। বৃহস্পতিবারই সেখান থেকে আগের সরকারের মন্ত্রীদের নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। পূর্তদপ্তর ইতিমধ্যেই রংয়ের কাজ শেষ করেছে।
সূত্রের খবর, মহাকরণের সংস্কার শেষ না হওয়া পর্যন্ত আগামী প্রায় ছ’মাস বিধানসভা থেকেই সচিবালয়ের কাজ চালাতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। প্ল্যাটিনাম জয়ন্তী ভবন ছাড়াও বিধানসভার মূল ভবনের দোতলায় বিজয় ব্যানার্জী কক্ষ রয়েছে। সেখানেও মন্ত্রিসভার বৈঠক বসানো সম্ভব।মুখ্যমন্ত্রীর সচিবালয় বা সিএমও-র আধিকারিকরা আপাতত প্ল্যাটিনাম জয়ন্তী স্মারক ভবনে বসবেন। এই ভবনে দু’টি হল, গ্রন্থাগার-সহ যথেষ্ট জায়গা আছে। ফলে কোনও দপ্তরের মন্ত্রী বা সচিবের কাজ করতে অসুবিধা হবে না।রাইটার্স বিল্ডিংসের সংস্কার শেষ হলে পুরো সচিবালয় সেখানে স্থানান্তরিত হবে। তবে মুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রীরা নবান্নে না বসলেও, কিছু দপ্তর সেখানেই থেকে যেতে পারে।
