RAJA SEN : প্রয়াত পরিচালক রাজা সেন, এসএসকেএমে ভেন্টিলেশনে থাকাকালীন শেষ নিঃশ্বাস
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট। তারপর হাসপাতাল। শেষ রক্ষা হল না। রবিবার সকাল ১০টা নাগাদ এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন বর্ষীয়ান পরিচালক রাজা সেন (RAJA SEN) । বয়স ৭০।
পরিচালকের পরিবার সূত্রই জানা গেছে, সম্প্রতি বাড়িতে পড়ে যান রাজা সেন (RAJA SEN) । প্রথমে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। সেখানে ফুসফুস, হৃদ্রোগ ও কিডনির সমস্যা দেখা দেয়। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্টের পর রবিবার সকালে প্রয়াত হন তিনি।
স্ত্রী অভিনেত্রী পাপিয়া সেনের পাশে রয়েছেন দাদা সব্যসাচী চক্রবর্তী। বড় মেয়ে জার্মানিতে থাকায় আসতে পারেননি।
তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন রাজা সেন (RAJA SEN) । ‘দামু’-র জন্য সেরা শিশুচলচ্চিত্রের পুরস্কার। পরিচালনা করেছেন ‘আত্মীয় স্বজন’, ‘চক্রব্যূহ’, ‘দেবীপক্ষ’, ‘তিনমূর্তি’, ‘দেশ’। ‘দেশ’-এ ছিলেন জয়া ও অভিষেক বচ্চন। জিতের ‘কৃষ্ণকান্তের উইল’-ও তাঁরই পরিচালিত ছবি । টিভিতে ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’ আজও আইকনিক মানুষের কাছে ।
মানবিক গল্প বলার কারিগর হারাল বাংলা। টলিউড ও টেলিভিশন জগতে নেমে এল শোকের ছায়া।
