HOCKEY : হরমনপ্রীতের জোড়া গোলে উড়ন্ত সূচনা, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ গোলে হারাল ভারত
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- জয় দিয়েই শুরু (HOCKEY)। শনিবার নেদারল্যান্ডসের আমস্টেলভিনে হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের জোড়া গোল এবং সঞ্জয়ের একটি গোলেই জয় নিশ্চিত হয় টিম ইন্ডিয়ার।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল ওয়েলস (HOCKEY)। প্রথম কয়েক মিনিটে ভারতের রক্ষণে চাপ তৈরি করে তারা। কিন্তু ভারতীয় গোলকিপার সূরজ কারকেরা সব আক্রমণ রুখে দেন।
৯ মিনিটেই গোলের খাতা খোলে ভারত (HOCKEY)। পেনাল্টি কর্নার পেয়ে প্রথম প্রয়াসে ব্যর্থ হন সঞ্জয়। দ্বিতীয় প্রয়াসে ওয়েলস গোলকিপারের পায়ের নীচ দিয়ে বল জালে জড়ান তিনি।
দু’মিনিট পরেই ব্যবধান বাড়ান হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকে নেওয়া ড্র্যাগ ফ্লিকে কোনও সুযোগ দেননি বিপক্ষ গোলকিপারকে।
দ্বিতীয় কোয়ার্টারে আরও দাপট দেখায় ভারত। ওয়েলস একটি সহজ সুযোগ নষ্ট করে। স্ট্রাইকার প্রিচার্ড একা গোলকিপারকে পেয়েও শটে লক্ষ্যভ্রষ্ট হন।
তৃতীয় কোয়ার্টারে ফের ছন্দে ফেরে ওয়েলস। বারবার ভারতের বক্সে ঢুকলেও জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। শেষ দিকে আবারও পেনাল্টি কর্নার থেকে সরাসরি গোল করেন হরমনপ্রীত। এ নিয়ে টুর্নামেন্টে তাঁর গোল সংখ্যা দাঁড়াল ২।
চতুর্থ কোয়ার্টারের ১১ মিনিটে ওয়েলস একটি গোল শোধ করে। গোলের সামনে জটলা থেকে গোল করেন স্যাম ওয়েলশ। মাঝে কারকেরা পেনাল্টি কর্নার থেকে গ্যারেথ ফারলংয়ের শটও বাঁচান। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।
পরিসংখ্যান বলছে, অতীতে পাঁচবারের সাক্ষাতে চারবারই ওয়েলসকে হারিয়েছে ভারত। একটি ম্যাচ ড্র হয়েছিল।
তিনটি গোলই পেনাল্টি কর্নার থেকে আসায় ভারতের সেটপিস শক্তি ফের প্রমাণিত হল। বিশ্বকাপে জয় দিয়ে শুরু করে আত্মবিশ্বাস বাড়াল হরমনপ্রীত ব্রিগেড। পরের ম্যাচে আরও ধারালো হতে চাইবে ভারত।
