আজকের দিনেখেলা

‘ওয়ান ম্যান আর্মি’ উইলিয়ামস পারলেন না, ৯২ মিনিটের গোলে শেষ ষোলোয় ক্যানাডা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- খাতায়-কলমে দক্ষিণ আফ্রিকা বনাম ক্যানাডা হলেও লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে আসল লড়াইটা হল রনওয়েন উইলিয়ামস বনাম ক্যানাডা। একের পর এক অবিশ্বাস্য সেভে দলকে টিকিয়ে রাখলেন প্রোটিয়া গোলকিপার। কিন্তু ফুটবল অনিশ্চয়তার খেলা। ৯২ মিনিটের গোলে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা। শেষ ষোলোয় পৌঁছে গেল ক্যানাডা।

রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় নকআউটের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুদল। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল। বলের দখল, পাসিংয়ে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, কিন্তু গোলের সুযোগ তৈরি করে মাত্র দুবার। উল্টোদিকে ক্যানাডা সাতবার গোলমুখে শট নেয়। ২২ মিনিটে ইউস্টাকিওর ফ্রি-কিকে ফাঁকায় হেড করেও কর্নেলিয়াস বল রাখেন সরাসরি উইলিয়ামসের হাতে। ৩৬ মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণের ভুলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ক্যানাডা। প্রথমার্ধের শেষদিকে কর্নার থেকে মোমবিতোর হেড ও ফিরতি বলে বুকাননের জোরালো শট অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রুখে দেন উইলিয়ামস। গোলশূন্য অবস্থায় বিরতি।

দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। ৬৫ মিনিটে জোনাথন ডেভিডের নিশ্চিত গোলমুখী শট পা বাড়িয়ে বাঁচান উইলিয়ামস। ফিরতি বলে গোললাইন থেকে ক্লিয়ার করেন এমবোকাজি। নির্ধারিত সময়েও আরও একটা গুরুত্বপূর্ণ সেভ করেন প্রোটিয়া গোলকিপার। মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভাঙল ডেডলক। ডানদিক থেকে জনস্টনের ক্রস ক্লিয়ার হয়ে ডি-বক্সের মাথায় পান ইউস্টাকিও। বুক দিয়ে নামিয়ে নিচু শটে বল জড়ান জালের কোণায়। এবার আর কিছু করার ছিল না উইলিয়ামসের। এটাই স্টিভেন ইউস্টাকিওর কেরিয়ারের প্রথম বিশ্বকাপ গোল।

একটি গোলই তফাত গড়ে দিল। গোটা ম্যাচে একা দলকে টেনেও শেষরক্ষা হল না রনওয়েন উইলিয়ামসের। তাঁর বীরত্বপূর্ণ পারফরম্যান্স সত্ত্বেও ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হল দক্ষিণ আফ্রিকার। আর নাটকীয় জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল ক্যানাডা। ফুটবল আবার বোঝাল, শেষ বাঁশি না বাজা পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *