আরজি কর কাণ্ডে ধৃত ওসির নাম পুলিশের রদবদলের তালিকায়! চরম অস্বস্তিতে নির্বাচন কমিশন
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: লোকসভা ভোটের মুখে কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল ঘটাতে গিয়ে নজিরবিহীন বিতর্কে জড়াল নির্বাচন কমিশন। ৩১টি থানার ওসি পরিবর্তনের তালিকায় আরজি কর কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনাকে কমিশনের ‘দায়িত্বজ্ঞানহীনতা’ এবং ‘পেশাদারিত্বের অভাব’ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল। রবিবার রাতে প্রকাশিত বদলির তালিকায় ৬ নম্বরে নাম ছিল অভিজিৎ মণ্ডলের। তাঁকে পর্ণশ্রী থানার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তাঁর বিরুদ্ধে এখনও সিবিআই তদন্ত চলায় কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে খোদ দপ্তরের অন্দরেই হইচই পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে গভীর রাতে তড়িঘড়ি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানানো হয়, ‘অনিচ্ছাকৃত’ ভুলের কারণে তাঁর নাম তালিকায় ঢুকে পড়েছিল। পর্ণশ্রী থানার বর্তমান আধিকারিকই সপদে বহাল থাকবেন।
পুলিশ মহলের অভিযোগ, যে ইন্সপেক্টরদের বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে, তাঁদের বড় অংশেরই সরাসরি থানায় কাজ করার অভিজ্ঞতা নেই। যথাযথ প্রস্তুতি বা ‘হোমওয়ার্ক’ না করেই এই রদবদল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি নিরুপম নাথকে একই সঙ্গে মানিকতলা ও পার্ক স্ট্রিট থানার ওসি ঘোষণা করায় প্রশাসনিক স্তরে চরম বিভ্রান্তি তৈরি হয়।
দক্ষিণ থেকে উত্তর— কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ থানায় নতুন মুখ নিয়ে আসা হয়েছে। একনজরে দেখে নিন তালিকা:
-
ভবানীপুর: সৌমিত্র বসু (এসটিএফ)
-
কালীঘাট: উৎপলকুমার ঘোষ
-
আমহার্স্ট স্ট্রিট: শুভদীপ চক্রবর্তী
-
আলিপুর: প্রিয়ঙ্কর চক্রবর্তী
-
হরিদেবপুর: ফৈয়াজ আহমেদ
-
জোড়াসাঁকো: সুশান্ত মণ্ডল
-
নিউ মার্কেট: প্রবীরচন্দ্র মণ্ডল
-
বউবাজার: রাজীব সরকার
-
বেহালা: জয়ন্ত মুখোপাধ্যায়
-
ঠাকুরপুকুর: লোপসাং শেরিং ভুটিয়া
-
ভাঙড়: দেবকুমার বন্দ্যোপাধ্যায়
এছাড়াও গার্ডেনরিচ, একবালপুর, রাজাবাগান, নারকেলডাঙা, এন্টালি, পাটুলি, গড়িয়াহাট ও গিরিশ পার্কের মতো গুরুত্বপূর্ণ থানাগুলিতেও নতুন ওসি নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট পরিচালনায় কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
