ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, ধীরগতিতে চলছে ট্রেন
কিউ আর ইন্ডিয়া- দীর্ঘ সময়ের অপেক্ষা পর বাণিজ্যনগরী মুম্বইতে বর্ষার আগমন। গত ২৪ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টিতে মুম্বইয়ের রাস্তাঘাট জলে থই থই। ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। কোনও কোন জায়গায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নীচু এলাকাগুলিতে যেমন আন্ধেরী সাবওয়েতে জলমগ্ন।বৃষ্টির কারণে যানজট তৈরি হয়েছে। বিইএসটি বাস চললেও ট্রেন লাইনগুলি জলমগ্ন হওয়ার কারণে ট্রেন ধীরগতিতে চলছে।
লোকাল থেকে সেন্ট্রাল রেলওয়ে ও ওয়েস্টার্ন রেলওয়ের তরফে ধীরগতিতে ট্রেন চলছে বলে কর্তৃপক্ষ সূত্রে খবর। নভি মুম্বইয়ের সঙ্গে যুক্ত হারবার লাইনে ভোরের দিকে ওভারহেড তার ছিঁড়ে পড়ার কারণে লোকাল ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। পূর্ব শহরতলিতে ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, পশ্চিম শহরতলিতে ৮৭ মিলিমিটার ও বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে শহরের মূল অংশে ৮৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, আবহাওয়ার আরও খারাপের দিকে যাচ্ছে। আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিতে বিপরস্ত মুম্বই, থানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। পালঘরের বেশ কয়েকটি অঞ্চল জলমগ্ন। বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা ‘অ্যাকুওয়েদার’ (AccuWeather)-ও দিন ও রাতজুড়ে একটানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, এ সময় দিনের তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
বৃষ্টিপাতের সম্ভাবনা ১০০ শতাংশ। মুম্বাই ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে সাতটি গুরুত্বপূর্ণ হ্রদে জলের স্তর বাড়তে শুরু করেছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) বুধবারের তথ্য অনুযায়ী, এই সাতটি হ্রদে সম্মিলিত জলভাণ্ডারের পরিমাণ আগের দিনের ৬.৭৫ শতাংশ থেকে বেড়ে ৭.১৮ শতাংশে দাঁড়িয়েছে, যা জল সরবরাহ নিয়ে উদ্বেগের মাঝে অত্যন্ত স্বস্তিদায়ক।
এই হ্রদগুলি – উচ্চ বৈতরনা, মধ্য বৈতরনা, ভাতসা, তানসা, তুলসী, মোদক সাগর এবং বিহার – মুম্বাই, নাসিক, পালঘর এবং থানে অবস্থিত। কারণ মৌসুমী বায়ুর দেরিতে প্রবেশ, অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে জলাধারগুলিতে জলস্তর কমতে শুরু করেছিল। বৃষ্টি সেখানে অনেকটাই স্বস্তি দিয়েছে। তবে বৃষ্টির কারণে একাধিক রাস্তায় যানজটের কবলে মানুষ, ফলে যাত্রী ভোগান্তি বাড়ছে। আইএমডি মুম্বইবাসীকে এই সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা সহ বড় গাছ ও জলাধার থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
