দিল্লির বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাতারাতি মৃত্যুপুরীতে পরিণত হল আবাসন
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- রাজধানী দিল্লিতে ফের এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল শুক্রবার গভীর রাতে দক্ষিণ দিল্লির তুঘলকবাদ এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগে তিন জনের মৃত্যু হয়। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কয়েক মিনিটের মধ্যেই তা ভবনের একাধিক তলায় ছড়িয়ে পড়ে এবং চারপাশে ধোঁয়ার ঘন কুণ্ডলী, পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে।
দমকল সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় আড়াইটে নাগাদ আগুন লাগে এবং খবর পাওয়া মাত্র দমকল ইঞ্জিন, ওয়াটার বাউসার, ব্রিথিং সাপোর্ট ইউনিট এবং কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু ভবনটি একটি সরু গলির মধ্যে হওয়ায় উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনজন মৃত এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ছয় থেকে আট জনকে।কয়েকজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের শরীরে গুরুতর দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁদের পর্যবেক্ষণে রেখেছে।
আশঙ্কা করা হচ্ছে, এখনও ভবনের ভিতরে আরও কিছু মানুষ আটকে থাকতে পারেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ভবনের নিচতলায় পার্ক করে রাখা কোনও একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন কীভাবে এত দ্রুত উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
