শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর জঙ্গিদের উপস্থিতি, পহেলগাঁও হামলার মূলচক্রীও হাজির?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের দাদা শাহিদ আখতারের শেষকৃত্যে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন PMML-এর নেতাদের উপস্থিতির দাবি। ভাইরাল হওয়া ভিডিওতে পহেলগাঁও হামলার মূলচক্রী সইফুল্লা কসুরিকেও দেখা গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে পাকিস্তানে জঙ্গিদের অবাধ চলাফেরা নিয়ে।
সূত্রের খবর, তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শোয়েব আখতারের দাদা শাহিদ আখতার। সোশ্যাল মিডিয়ায় দাদার মৃত্যুর খবর জানান শোয়েব নিজেই। ইসলামাবাদের H-8 সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হয়। পাকিস্তান মরকজি মুসলিম লিগ (PMML) শাহিদের শেষকৃত্যের ছবি ও ভিডিও প্রকাশ করে। PMML-কে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। ভিডিওতে PMML প্রধান ইনাম-উর-রহমান কম্বোধ, সাধারণ সম্পাদক আবদুল্লা তুর, হাফিজ উমর, আমজাদ ভাট্টি সহ একাধিক নেতাকে দেখা গিয়েছে। ভিডিওতে লস্করের ডেপুটি প্রধান সইফুল্লা কসুরিকেও দেখা গিয়েছে বলে দাবি। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার মূলচক্রী সে। রাষ্ট্রপুঞ্জ আগেই লস্কর প্রধান হাফিজ সইদকে জঙ্গি ঘোষণা করেছে। সইফুল্লা তারই ঘনিষ্ঠ সহযোগী। এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি শোয়েব আখতার। ২০১১ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন।
শোয়েব আখতারের পারিবারিক অনুষ্ঠানে বিতর্কিত সংগঠনের সদস্যদের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলির অবাধ বিচরণের অভিযোগকেই আরও জোরালো করল। ভারত বারবার আন্তর্জাতিক মহলে এই বিষয়টি তুলে ধরেছে। ভাইরাল ভিডিও সেই দাবির পক্ষে নতুন প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
