বালিতে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কার প্রচারে কানাইয়া কুমার
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- রাজ্যে কুড়ি বছর পর বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করছে জাতীয় কংগ্রেস । তৃণমূল, বিজেপি, সিপিআইএম এর পাশাপাশি নির্বাচনের প্রচারে পিছিয়ে নেই কংগ্রেসও। বালি বিধানসভায় কংগ্রেস প্রার্থীর প্রচারে এলেন কানাইয়া কুমার সহ কংগ্রেসের জাতীয় স্তরের একাধিক নেতৃত্ব।
গতকাল বেলুড় বাজার সংলগ্ন এলাকায় বালি বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা চৌধুরীর সমর্থনে প্রচারে উপস্থিত হয়েছিলেন কংগ্রেসের একাধিক নেতৃত্ব । কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার ইনচার্জ কানাইয়া কুমার, রাষ্ট্রীয় সভাপতি বিনোদ ঝাকর, কর্ণাটক থেকে মনোনীত রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হুসেন , প্রসেনজিৎ বসু সহ আরো অনেকে । কানাইয়া কুমার প্রিয়াঙ্কা চৌধুরীর সমর্থনে মঞ্চে উঠে ভোট প্রার্থনার পাশাপাশি বিজেপির উদ্দেশ্যে একাধিক বিষয়ে তোপ দাগেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ” সংসদে সম্প্রতি মহিলা সংরক্ষণ অধিনয়ম বিল বিজেপি পাস করানোর চেষ্টা করেছিল কিন্তু তারা তা পারেনি। আমি এখানে পশ্চিমবঙ্গের প্রচারে আসার পথে দেখলাম বিজেপির একটাও পোস্টারে মহিলাদের ছবি নেই। ” তারপর বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে তার মন্তব্য ” আর কিছু না হলে লকেট চ্যাটার্জির ছবি বিজেপি পোস্টারে দিতে পারতো, স্মৃতি ইরানির ছবিও দিতে পারতো । সংসদে মহিলা ক্ষমতায়নের কথা বলে, বাস্তবে এরা মহিলাদের সম্মান দেয় না। ” আরজি করের নির্যাতিতা প্রসঙ্গ নিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন কানাইয়া কুমার। পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গে তার বক্তব্য ” এখানে প্রথম দফার ভোটের পর বিজেপি বলছে এত সিট পাব, তৃণমূল বলছে এত সিট পাব, এরা বলছে কিভাবে ? ” তারপর বিজেপির প্রসঙ্গ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে দেখা যায় তাকে। তিনি বলেন ” মুখ্য নির্বাচন কমিশনার বিজেপিকে কি আলাদা করে বলে দিয়েছে তারা কত সিট পাবে ? তাই কি তারা বলতে পারছে ? ভোটের ফলাফল তো জানা যাবে ৪ই মে । ”
জাতীয় কংগ্রেসের সভাপতি বিনোদ ঝাঁকর, রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হুসেন , এবং অন্যান্য নেতৃত্বরা সকলেই দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা চৌধুরী বলেন এই সভার পর তিনি আরো আত্মবিশ্বাসী এবং তার প্রচার আরো মাইলেজ পাবে । এবার বালিতে পালা বদল হয় কিনা ? জানা যাবে আগামী ৪ই মে।
