ISL : আইএসএল থেকে নাম তুলল জামশেদপুর এফসি, ২০২৬-২৭ মরশুমে খেলবে না ২০২২-এর শিল্ডজয়ীরা !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- জল্পনাই সত্যি হল। শুক্রবার সরকারি বিবৃতি দিয়ে আইএসএল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিল জামশেদপুর এফসি। ২০২৬-২৭ মরশুম থেকে দেশের শীর্ষ ফুটবল লিগে আর দেখা যাবে না ২০২২ সালের আইএসএল শিল্ডজয়ী ক্লাবকে। ফি জমা না দেওয়া এবং আর্থিক অনিশ্চয়তাই এই বড় সিদ্ধান্তের কারণ বলে মনে করছেন ফুটবল মহল।
প্রসঙ্গত ,কয়েকদিন ধরেই জামশেদপুরের আইএসএল-ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। ২০ জুলাইয়ের মধ্যে আইএসএলে অংশগ্রহণের প্রথম কিস্তি হিসেবে ৫৫ লক্ষ টাকা জমা দেওয়ার কথা ছিল ১৪টি ক্লাবের। পরে সেই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ইন্টার কাশী টাকা মিটিয়ে দিলেও জামশেদপুর তা করেনি। শেষ পর্যন্ত লিগ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিল ক্লাব।
ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬-২৭ মরশুম থেকে আমরা আর আইএসএলে অংশগ্রহণ করব না। তবে অন্য ভাবে ভারতে ফুটবলের উন্নয়ন ও প্রসারে আমাদের দায়বদ্ধতা থাকবে। তৃণমূল স্তরে ফুটবলের প্রসার চালিয়ে যাব। সারা দেশ থেকে তরুণ প্রতিভা খুঁজে তাদের তৈরি করার কাজও চলবে।’
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে জামশেদপুর। বিবৃতিতে বলা হয়, ‘গত ১০ বছর ধরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে যেভাবে সমর্থকেরা দলকে উৎসাহ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। তাঁদের আবেগ ও সমর্থনেই “ফার্নেস” গড়ে উঠেছিল।’
২০১৭ সালে পথচলা শুরু হয় জামশেদপুরের। পাঁচ বছর পর ২০২১-২২ মরশুমে আইএসএল শিল্ড জিতে ইতিহাস তৈরি করে তারা। এখন ডুরান্ড কাপ খেলছে ক্লাব। কিন্তু দলের অধিকাংশ ফুটবলারের সঙ্গেই চুক্তি আগস্টের শেষ পর্যন্ত। আইএসএল না খেলার খবরে সেই ফুটবলাররাও এখন চরম অনিশ্চয়তায়।
আইএসএল থেকে জামশেদপুরের সরে যাওয়া শুধু একটি ক্লাবের সিদ্ধান্ত নয়। ভারতীয় ফুটবলের আর্থিক কাঠামো এবং ক্লাব পরিচালনার ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিল। ফুটবল থেকে পুরোপুরি সরে না গেলেও, তৃণমূল স্তরে যুব উন্নয়নে মন দিতে চায় জামশেদপুর। তবে আপাতত অন্ধকারে ক্লাবের ফুটবলার, কর্মী এবং ১০ বছরের অনুগত সমর্থকেরা।
