আজকের দিনেবাংলার আয়না

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু বৃদ্ধের, তুমুল বিক্ষোভে বন্ধ অটো পরিষেবা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগনা:-  একজন অসহায় যাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার মোল্লারগেট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন সন্তোষপুর-মোল্লারগেট রুটের অটোচালকরা। তাঁরা পরিষেবা বন্ধ রেখে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন।

জানা গিয়েছে, সন্তোষপুর স্টেশন থেকে মোল্লারগেটগামী একটি যাত্রীবাহী অটো খালপোল এলাকার কাছে পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার ধারে থাকা একটি দেওয়ালের বেরিয়ে থাকা লোহার রডে ধাক্কা লেগে গুরুতরভাবে আহত হন অমূল্য রায় নামে ৮০ বছরের এক যাত্রী। তাঁর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে দেখে অটোচালকেরাই মানবিকতার খাতিরে দ্রুত তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

অটোচালকদের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পরও আহত বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি বরং তাঁকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।

এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন অটোচালকরা। তাঁদের বক্তব্য, আহত ব্যক্তি তাঁদের আত্মীয় বা পরিচিত ছিলেন না, তবুও মানবিকতার দায়বদ্ধতা থেকেই তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু সময়মতো চিকিৎসা শুরু হলে হয়তো তাঁর প্রাণ বাঁচানো সম্ভব ছিল। সেই কারণেই হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এই ঘটনার প্রতিবাদে সন্তোষপুর-মোল্লারগেট রুটের অটো পরিষেবা বন্ধ রাখে অটোচালকরা। বিক্ষোভকারীরা হাসপাতালের বাইরে এবং ভেতরেও প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।অটোচালকদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ গোটা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *