DG-WBP-CP-KP : রাজ্যের নতুন ডিজি পীযূষ পান্ডে, সিপি সুপ্রতিম সরকার …..
কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ টানাপড়েনের অবসান। পশ্চিমবঙ্গ পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজি) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আইপিএস অফিসার পীযূষ পান্ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তে শীলমোহর দিয়েছেন। বর্তমান ডিজি-আইজি রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি ২০২৬। তাঁর অবসরের পরপরই রাজ্য পুলিশের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন পীযূষ পান্ডে। রদবদল হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বা নগরপালের পদেও। মনোজ ভর্মার জায়গা নিয়েছেন আইপিএস সুপ্রতিম সরকার। অন্যদিকে মনোজ ভর্মাকে দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির পদ।
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পান্ডেকে আপাতত পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইনস্পেক্টর জেনারেল (ডিজি ও আইজি)-এর ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিই রাজ্য পুলিশের শীর্ষ পদে থাকবেন।
বর্তমান ডিজি-আইজি রাজীব কুমার ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার। তিনি বর্তমানে ‘ভারপ্রাপ্ত’ ডিজি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করবেন। সেই কারণেই আগাম সিদ্ধান্ত নিয়ে নবান্ন নতুন ডিজির নাম চূড়ান্ত করল।
উল্লেখযোগ্যভাবে, গত বেশ কিছুদিন ধরেই রাজ্যে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। বিধি অনুযায়ী, রাজ্য সরকার প্রথমে সিনিয়র আইপিএস অফিসারদের একটি তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-এর কাছে পাঠায়। ইউপিএসসি সেই তালিকা থেকে তিন জনের নাম বেছে রাজ্যকে জানায়। পরে ওই তিন জনের মধ্যে একজনকে স্থায়ী ডিজি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। এই প্রক্রিয়ায় রাজ্যের পাঠানো তালিকায় রাজীব কুমারের পাশাপাশি ছিলেন আইপিএস অফিসার রাজেশ (মামলাকারী) এবং আরও ছয় জন সিনিয়র আইপিএস রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু ও সিদ্ধিনাথ গুপ্ত। তবে আইনি জটিলতার কারণে ইউপিএসসি সেই প্যানেল ফেরত পাঠায়।
ইউপিএসসি জানায়, বিধি অনুযায়ী আগের স্থায়ী ডিজির অবসরের অন্তত তিন মাস আগে প্যানেল পাঠানো বাধ্যতামূলক। রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি মনোজ মালবীয় ২০২৩ সালের ডিসেম্বর মাসে অবসর নেন। সেই হিসেবে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যেই প্যানেল পাঠানো উচিত ছিল। কিন্তু রাজ্য সরকার তালিকা পাঠায় ২৭ ডিসেম্বর। দেরির কারণেই সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।
প্রসঙ্গত, মনোজ মালবীয় অবসরের সময় রাজ্য পুলিশের যে আট জন সিনিয়র আইপিএস ছিলেন, তাঁদের নামই প্রস্তাবিত তালিকায় পাঠানো হয়েছিল। সেই তালিকায় রাজীব কুমারের নাম থাকলেও পীযূষ পান্ডের নাম ছিল না। ফলে আপাতত পীযূষ পান্ডেকে ‘ভারপ্রাপ্ত’ ডিজি হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
