Cricket-T20-Scotland : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাও সেরে ফেলল বাংলাদেশের বদলে সুযোগ পাওয়া স্কটল্যান্ড …..
কিউ ইন্ডিয়া বাংলা:- বিশ্বকাপে সুযোগ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ফেলল স্কটল্যান্ড ।
ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে খেলার কথা ছিল না স্কটল্যান্ড এর । বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করে । তারা তাদের ম্যাচ গুলি শ্রীলঙ্কায় করার আহ্বান জানায় , বাংলাদেশ আইসিসির ভোটাভুটিতে হারে , আর বাংলাদেশের দাবি নাকচ হয়ে যায় । বিসিবির পক্ষ থেকে ঘোষণা করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে । পদ্মাপাড়ের দেশের এই সিদ্ধান্তে বিশ্বকাপের দরজা খুলে যায় স্কটল্যান্ডের কাছে । আইসিসি থেকে অফিসিয়ালি নির্দেশ পাওয়ার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে দল ঘোষণা করে তাদের দেশের বোর্ড ।
বিগত ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল স্কটল্যান্ড , সেই দলের ১১ জন ক্রিকেটার এবারেও বিশ্বকাপ দলের অংশ । তাদের নিরিখে অভিজ্ঞতার কোনো কমতি হবে না তাদের দলে ।
হঠাৎ করে বিশ্বকাপে সুযোগ পেয়ে ব্যস্ততার কথা অকপটে স্বীকার করেছেন স্কটল্যান্ডের হেড কোচ ডাগিন্স । তাঁর কথায়, “গত ৪৮ ঘণ্টা আমাদের কাছে একেবারে ঝড়ের মতো কেটেছে। খেলোয়াড় আর সাপোর্ট স্টাফদের সব ব্যবস্থা করতে ক্রিকেট স্কটল্যান্ডের সবাই দিন-রাত এক করে কাজ করেছে, তা কোনমতে অস্বীকার করা যাবে না।”
বিশ্বকাপ শুরুর আগেই অবশ্য ভিসা নিয়ে কিছুটা চিন্তা ছিল স্কটিশ শিবিরে। যেহেতু বিশ্বকাপ শুরুর বেশি দিন বাকি নেই । আইসিসি তাদের আশ্বাস দিয়েছে, দেরিতে সুযোগ পেলেও ভিসা সংক্রান্ত বড় কোনও সমস্যা হবে না। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেনে উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে স্কটল্যান্ড। তার আগে ২ ও ৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আফগানিস্তান ও নামিবিয়ার বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের ।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ স্কটল্যান্ড স্কোয়াড :-
রিচি বেরিংটন (অধিনায়ক), টম ব্রুস, ম্যাথিউ ক্রস, ব্র্যাড কারি, অলিভার ডেভিডসন, ক্রিস গ্রিভস, জাইনুল্লাহ ইহসান, মাইকেল জোন্স , মাইকেল লিস্ক, ফিনলে ম্যাকক্রিথ, ব্র্যান্ডন ম্যাকমুলেন , জর্জ মানসি, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট , ব্র্যাড হুইল ।
