Cricket-T20 : শর্তসাপেক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপ এর জন্য ভারত ও শ্রীলঙ্কায় উপস্থিত থাকতে পারবেন বাংলাদেশের সাংবাদিকরা…..
কিউ ইন্ডিয়া বাংলা:- ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে থাকার অনুমতি পাননি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো বাংলাদেশের সাংবাদিকরা , এমনটাই অভিযোগ উঠে এসেছিল । তবে বর্তমানে পাশে দাঁড়িয়েছে আইসিসি ।
বাংলাদেশের সাংবাদিকদের আশার কথা শোনাল আইসিসি। সে দেশের সাংবাদিকেরা অভিযোগ করেছিলেন , বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর তাঁদের ভারত ও শ্রীলঙ্কার মাটিতে ম্যাচে থাকার অনুমতি বাতিল করা হয়েছে। তাঁদের কার্ড দেওয়া হয়নি। আইসিসি জানিয়েছে, এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে দ্রুত ।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন, ১৩০ থেকে ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিলেন। তাঁদের অনুমতি দেওয়া হয়নি। আমজাদ বলেন, “আমি যত দূর জানি, বাংলাদেশি সাংবাদিকদের কার্ডের আবেদন খারিজ করা হয়েছে।
আবার বাংলাদেশের এক সাংবাদিক বলেন আমাদের প্রথমে অনুমতি দেওয়া হয়েছিল। বিগত ২০ জানুয়ারি আইসিসির পক্ষ থেকে ইমেলে অনুমতি পত্র সহ ভিসা সংক্রান্ত অনুমতিও ছিল । কিন্তু ২৬ শে জানুয়ারি আর এক ইমেলে সেই সব অনুমতি বাতিল করা হয়। ১৯৯৯ সাল থেকে আইসিসি প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ । বাংলাদেশের সাংবাদিকরা প্রত্যেক প্রতিযোগিতায় আগে থেকেছেন , আগে কোনোবার এই ধরনের সমস্যা হয়নি । তাদের আরো দাবি কোনো ইভেন্টে নির্দিষ্ট কোনো দেশ সুযোগ না পেলেও সেই দেশের সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রতিযোগিতায় থাকার অনুমতি দেওয়া হয়।
বাংলাদেশের এই দাবিতে আইসিসি জানায় “বাংলাদেশের ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক বিশ্বকাপে থাকতে চেয়ে অনুমতির আবেদন করেছে । প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।”
