China: টাইফুন মাইসাকের অভিঘাতে প্রবল বৃষ্টি চীনে, মৃত ২১
কিউ ইন্ডিয়া বাংলা– পশ্চিম চীনের গানসু প্রদেশে পাহাড়ি এলাকায় বড়সড় ধস। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ২১ জনের। প্রায় লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ঝড় ও একটানা ভারী বৃষ্টিতে দুটি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার তানচাং কাউন্টির একটি উপত্যকায় ধসের বড় ঘটনাটি ঘটে। সেই ধ্বংসস্তূপের তলায় ৩৩ জন চাপা পড়ে যায়। এদের মধ্যে বেশির ভাগই একটি খামারের অস্থায়ী শ্রমিক ও স্থানীয় গ্রামবাসী। আজ বুধবার বিকেল পর্যন্ত মোট ২১ জনের দেহ উদ্ধার করা হয়েছে বলে গানসু প্রাদেশিক সরকার সূত্রে খবর।
চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার দাবি, টাইফুন ‘মাইসাক’ এর তীব্র অভিঘাতে মধ্য ও দক্ষিণাঞ্চল জুড়ে প্রচণ্ড ঝড়বৃষ্টি চলছে। প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণের গুয়াংসি অঞ্চলে কমপক্ষে ৬ জন মারা গেছে। ১১ জন এখনও নিখোঁজ। বিপর্যয় এড়াতে সে দেশের বিভিন্ন প্রান্তে ১ লক্ষ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। ভূমিধসের পর কর্তৃপক্ষ পুনর্নির্মাণ তহবিলের জন্য ৩০ মিলিয়ন ইউয়ান (৪.৪ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে। এই পরিস্থিতিতে চীনের পাশে দাঁড়িয়েছে নাইজেরিয়া।
বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন এবং যারা প্রিয়জন কিংবা সহায়-সম্পদ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল’। জীবন রক্ষায় এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদানে চীনা কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দলগুলোর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে নাইজেরিয়া।“পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা নাইজেরিয়া ও চীনের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব বিদ্যমান।”
