BISWAJIT DAS: গাড়িতে মিলল বেআইনি অস্ত্র! গ্রেপ্তার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
কিউ ইন্ডিয়া বাংলা, বনগাঁ:- ফের বিতর্কে তৃণমূলের প্রাক্তন বিধায়ক (BISWAJIT DAS) । বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হলেন বনগাঁর প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে বনগাঁর গোপালনগর বাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গোপালনগর বাজার এলাকা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন বিশ্বজিৎ দাস (BISWAJIT DAS) । সেই সময় গোপালনগর থানার পুলিশ তাঁর গাড়ি আটকায়। তল্লাশি চালিয়ে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র। অস্ত্রের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। অস্ত্র কোথা থেকে এল এবং কেন গাড়িতে রাখা হয়েছিল, তারও সদুত্তর দিতে পারেননি (BISWAJIT DAS)।
এরপরই তাঁকে আটক করে গোপালনগর থানায় নিয়ে যাওয়া হয়। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে জেরা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বজিৎ দাস বনগাঁ উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক ছিলেন। ২০২৪ থেকে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়ে পরাজিত হন তিনি।
এই গ্রেপ্তারি নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনও কোনও মন্তব্য করেনি। যদিও ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি।
