আজকের দিনেতিলোত্তমা

শাহ-শুভেন্দুর রোড শো ঘিরে রণক্ষেত্র ভবানীপুর: ডিসি-সহ ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে খোদ মুখ্যমন্ত্রীর পাড়া ভবানীপুরে শান্তিশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো-কে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় দক্ষিণ কলকাতার ডিসি-সহ চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী, দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে:

  • সিদ্ধার্থ দত্ত: ডেপুটি কমিশনার (ডিসি ২), সাউথ ডিভিশন।

  • প্রিয়ঙ্কর চক্রবর্তী: ওসি, আলিপুর থানা।

  • চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়: অতিরিক্ত ওসি, আলিপুর থানা।

  • সৌরভ চট্টোপাধ্যায়: সার্জেন্ট, আলিপুর।

কমিশন স্পষ্ট জানিয়েছে, ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে।

লালবাজারের শোকজ ও গাফিলতির প্রশ্ন

এদিন সকালেই লালবাজারের পক্ষ থেকে ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়কে শোকজ করা হয়েছিল। হাইভোল্টেজ এই রোড শো-র নিরাপত্তার মূল দায়িত্বে ছিলেন এই দুই শীর্ষ কর্তা। কমিশনের প্রশ্ন, হাই-প্রোফাইল নেতাদের উপস্থিতিতে কেন পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল না? এবং পুলিশের অনুমতি ছাড়াই কীভাবে দু’পক্ষের এত বড় জমায়েত হলো, তার সদুত্তর না মেলাতেই এই কড়া পদক্ষেপ।

ঠিক কী ঘটেছিল বৃহস্পতিবার?

বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর সমর্থনে আয়োজিত রোড শো-তে উপস্থিত ছিলেন অমিত শাহ। অন্যদিকে, সকাল থেকেই এলাকায় কালো পতাকা হাতে জমায়েত করেছিলেন তৃণমূল কর্মীরা। রোড শো যখন মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছায়, তখন দু’পক্ষের স্লোগান ও পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং বিজেপি-তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

হাইভোল্টেজ লড়াইয়ের আঁচ

ভবানীপুরে এবার লড়াই সেয়ানে সেয়ানে— একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী। ভোটের দিন যত এগিয়ে আসছে, দুই হেভিওয়েটের দ্বৈরতে উত্তেজনার পারদ ততই চড়ছে। এই আবহে পুলিশি গাফিলতি নিয়ে কমিশনের এই কঠোর অবস্থান রাজ্য প্রশাসনের অন্দরে বড়সড় কম্পন সৃষ্টি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *