আজকের দিনেতিলোত্তমা

AGNIMITRA PAUL : ‘নির্মল ঘোষ হলে মমতা কেন নয়?’ অভয়া কাণ্ডে বিস্ফোরক অগ্নিমিত্রা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির দাবি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- অভয়া কাণ্ডে নতুন মোড়। নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেপ্তারির পর এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (AGNIMITRA PAUL)  । তাঁর স্পষ্ট প্রশ্ন – নির্মল ঘোষরা গ্রেপ্তার হলে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাদ যাবেন?

বৃহস্পতিবার অভয়া কাণ্ডে গ্রেপ্তার হন তৃণমূল নেতা নির্মল ঘোষ ও প্রাক্তন পুলিশ কর্তা সঞ্জীব মুখোপাধ্যায়। অভিযোগ, তাঁরা তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল (AGNIMITRA PAUL) বলেন, “যদি নির্মল ঘোষ গ্রেপ্তার হন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করা দরকার। কারণ সেইসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে এসেছিলেন। তিনি কেন বলেননি ৬টার পর পোস্টমর্টেম হয় না। দেহ রেখে দাও। বরং তিনি চেষ্টা করেছেন পুলিশকে ঘুষ খাইয়ে, অভয়ার বাবা-মায়ের মুখ চুপ করে দিতে।”

 

অগ্নিমিত্রার কথায়, “যদি প্রশ্নের উত্তর নির্মলবাবুকে গ্রেফতার করে দিতে হয়, যদি সোমনাথবাবুকে গ্রেফতার করার দাবি রাখি, তাহলে মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার।”

প্রসঙ্গত, গত ৯ আগস্ট পানিহাটিতে অভয়ার স্মরণসভা থেকে শুভেন্দু অধিকারী পুলিশকে নির্দেশ দেন নতুন কেস চালু করার। তারপরই তিলোত্তমার বাবা নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে-র বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ওড়িশা থেকে নির্মল ঘোষ ও রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনও অধরা সোমনাথ দে।

অভয়া কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে, রাজনৈতিক পারদ তত চড়ছে। একদিকে গ্রেপ্তারি, অন্যদিকে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল। নির্মল-সঞ্জীবের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তুলে নতুন বিতর্ক উস্কে দিলেন অগ্নিমিত্রা। এই মামলা কোন দিকে যায় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *