আজকের দিনেতিলোত্তমা

৩ আইপিএস সাসপেন্ড হতেই আশার আলো অভয়ার মা-বাবার চোখে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: আর জি করের অভয়া কাণ্ডে সুবিচারের আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। সেই লড়াইকে আরও জোরদার করতে রাজনীতিতে পা রেখেছিলেন, নেমেছিলেন ভোটের ময়দানেও। অবশেষে বাংলায় সরকার পরিবর্তনের পর সেই আশার আলো যেন আরও উজ্জ্বল হলো। মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই শুভেন্দু অধিকারী বিনীত গোয়েলসহ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার যে ‘বুলডোজার অ্যাকশন’ নিয়েছেন, তাতে স্বস্তির নিশ্বাস ফেলছে নির্যাতিতার পরিবার।

মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে অভয়ার মা তথা নবনির্বাচিত পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ এবং বাবা শেখর দেবনাথ স্পষ্ট জানিয়েছেন—আইনের রক্ষক হয়ে যাঁরা অপরাধ আড়াল করার চেষ্টা করেছিলেন, এবার তাঁদের চরম শাস্তি পাওয়ার সময় এসেছে।

“বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ, আরও অনেকে গ্রেপ্তার হবে”: বিধায়ক রত্না দেবনাথ

মেয়ের খুনি ও ঘটনার নেপথ্যে থাকা প্রভাবশালীদের আড়াল করার বিরুদ্ধে লাগাতার সরব ছিলেন অভয়ার মা। ভোটে জিতে এবার তিনি পানিহাটির বিধায়ক। নতুন মুখ্যমন্ত্রীর এই কড়া পদক্ষেপের পর স্বস্তির সুরে রত্না দেবনাথ বলেন: “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনেক ধন্যবাদ। এটা বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম একটা ধাপ মাত্র। আমরা নিশ্চিত, এবার আসল সত্য সামনে আসবে এবং আরও অনেকেই গ্রেপ্তার হবে।”

“আইনের রক্ষকরা যেন অপরাধ করার সাহস না পায়”: শেখর দেবনাথ

ঘটনার পর থেকেই নির্যাতিতার পরিবার অভিযোগ তুলে আসছিল যে, পুলিশ প্রশাসন শুরু থেকেই তথ্যপ্রমাণ লোপাট এবং অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানিয়ে অভয়ার বাবা শেখর দেবনাথ বলেন: “অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হয়েছিল, আমরা বারবার এই কথাই বলে আসছিলাম। আইনের রক্ষকরা যেন ভবিষ্যতে এমন অপরাধ করার সাহস কোনোদিন না পায়, মুখ্যমন্ত্রী আজ ঠিক সেই রকমই একটা দৃষ্টান্ত স্থাপন করে দিলেন।”

নবান্নের সেই ঘোষণা: কাঠগড়ায় তৎকালীন সরকার

উল্লেখ্য, শুক্রবার নবান্ন সভাঘরে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে বড় ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, নির্যাতিতার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টার যে অভিযোগ উঠেছিল, তার শেষ দেখে ছাড়বে নতুন সরকার।

তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার পাশাপাশি শুভেন্দু সাফ জানান, “এই আধিকারিকদের ফোন কল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট সব বের করা হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীর নির্দেশে তাঁরা এসব করেছিলেন কি না, তা-ও তদন্তের আওতায় আনা হবে।”

“সত্য সামনে আসার ক্ষেত্রে আর কোনো অন্তরায় রইল না”: অনিকেত মাহাতো

নতুন সরকারের এই পদক্ষেপে আশার আলো দেখছেন আর জি কর আন্দোলনের প্রথম সারির মুখ তথা জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোও। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন: “রাজ্য সরকার আন্তরিকভাবে চাইলে যে সব কিছু করতে পারে, তা আজ প্রমাণিত। সত্য সামনে আসার ক্ষেত্রে আর কোনো অন্তরায় বা বাধা থাকল না। আমরা প্রথম দিন থেকে যে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে আসছিলাম, আজ যেন তার সূচনা হলো।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া সেই প্রতিশ্রুতি মেনে নবান্নে ফাইল খুলতেই যেভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে পুরোনো ব্যবস্থার দেওয়াল, তাতে শুধু অভয়ার পরিবারই নয়—গোটা বাংলা এবার অভয়া কাণ্ডের প্রকৃত সুবিচার মিলবে বলে আশায় বুক বাঁধছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *