Chandranath Rath : চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা, বিকল একাধিক সিসিটিভি , ফুটেজ সংগ্রহে সমস্যা !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ৭২ ঘণ্টা পরও অধরা দুষ্কৃতীরা। তাদের পালানোর রুটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা তদন্তকারী আধিকারিকদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই ফুটেজ জোগাড় করতেই রীতিমতো কালঘাম ছুটছে পুলিশের। দোহারিয়া-মাঠপাড়া সংলগ্ন যে রাস্তা দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলে মনে করা হচ্ছে, সেই রুটের একাধিক সিসিটিভি ক্যামেরাই দীর্ঘদিন ধরেই বিকল।
গত ৬ ই মে বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় মাঝরাস্তায় গাড়ি আটকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তদন্তকারীদের অনুমান, হামলার পর পেয়ারাবাগান দিকের গলির রাস্তা ব্যবহার করে মোটরবাইকে চেপে এলাকা ছাড়ে আততায়ীরা। সেই রুট ধরেই এখন তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কার্যকর সিসি ক্যামেরার ফুটেজ না মেলায় তদন্তে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে। একাধিক সিসিটিভি ক্যামেরা বিকল। এদিকে তদন্তে একটি নতুন তথ্য উঠে এসেছে । সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে বিরাটি মোড় থেকে যশোর রোড ধরে চন্দ্রনাথ রথের স্করপিও ঠিক পিছনে চলছিল লাল রঙের একটি গাড়ি। দোহারিয়া এলাকায় ঢোকার পরেও সেটিকে দেখা যায়। পুলিশের সন্দেহ গাড়িটি শুরু থেকে চন্দ্রনাথের গাড়িকে অনুসরণ করছিল এখন সেই লাল গাড়ির খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে। যদিও গাড়িটির নাম্বার প্লেট স্পষ্ট ভাবে দেখা যায়নি।
যত সময় এগোচ্ছে তত চন্দ্রনাথ রথের খুনের রহস্য আরো ঘনীভূত হচ্ছে। এই হত্যাকাণ্ডের পিছনে বিরাট বড় পরিকল্পনা রয়েছে মনে করেছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।
