আজকের দিনেখেলা

দিল্লির দুর্গে কলকাতা চ্যালেঞ্জ, কে হাসবে শেষ হাসি?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে খারাপ শুরু করেও শেষ তিনটি ম্যাচে পরপর জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স । আজকে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে নাইটরা। দিল্লি এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই। তবুও তাদেরকে সমীহ করতে নারাজ কলকাতা।

এই সিজনে টানা একের পর এক ম্যাচে হারের পর শেষ তিনটি ম্যাচে রাজস্থান, লখনউ এবং হায়দ্রাবাদ কে হারিয়েছে আজিঙ্কা রাহানের দল। টিম সেইফার্টকে বসিয়ে ফিন অ্যালেনকে পুনরায় সুযোগ দেওয়া হয়েছে , দিল্লির বিপক্ষেও তাকে আবার সুযোগ দেওয়া হতে পারে। অধিনায়ক রাহানে হয়তো ওপেন করতে নামবেন দিল্লির বিপক্ষে। শেষ তিনটি ম্যাচে জয় আসলেও অধিনায়কের ব্যাটে রান নেই যা নিয়ে সমালোচনা কম হচ্ছে না। অধিনায়ক কে ফর্মে ফিরতে হবে। এছাড়া রঘুবংশী এবং গ্রীন কে বাড়তি দায়িত্ব নিতে হবে । কলকাতার সহ অধিনায়ক রিঙ্কু সিং ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন। যার সুফল দল পেয়েছে। বোলিং বিভাগের প্রধান দুই অস্ত্র বরুন চক্রবর্তী এবং সুনীল নারিন তাদের পুরানো ফর্মে ফিরে এসেছেন । যে কারণে কলকাতার দলকে আরো ভারসাম্যপূর্ণ দেখাচ্ছে। দলের সঙ্গে মাথিশা পথিরানা যোগ দিলেও তাকে এখনো পর্যন্ত প্রথম একাদশে দেখা যায়নি, মেন্টর ডোয়েন ব্রাভো জানিয়েছেন তাকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ দল । কলকাতার জয়ী একাদশে খুব একটা বদল আসবে না ।

অপরদিকে দিল্লি ক্যাপিটালস এই মরশুমের শুরুটা ভালো করলেও পরবর্তীতে তারা ছন্দ হারিয়েছে। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় অধরা থেকেছে তাদের। কলকাতার বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া তারা । মূলত ধারাবাহিকতার অভাবে ভুগছে দিল্লি । কে এল রাহুল বাদে অন্য কোন ব্যাটার ধারাবাহিকভাবে ব্যাটিং করতে পারছেন না । বড় রানের ইনিংস না আসায় বিপক্ষকে চাপে ফেলতে তারা ব্যর্থ হচ্ছে । অধিনায়ক অক্ষর প্যাটেল ব্যাটিং ও বোলিং দুই বিভাগে এখনো পর্যন্ত বিশেষ কিছু করে দেখাতে পারেননি। সমীর রিজভী দুটি থেকে তিনটি ম্যাচ বাদ দিলে বাকি গুলিতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। কলকাতার বিপক্ষে এই ম্যাচে তাকে ফর্মে ফিরতে হবে । বিগত মরশুমে ব্যাট হাতে আশুতোশ শর্মা সফল হলেও এবারে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ইনিংস তার ব্যাট থেকে আসেনি । তাকেও ফর্মে ফিরতে হবে । বোলিংয়ে দিল্লি ক্যাপিটালস দলে গত ম্যাচে ভালো ফর্মে ছিলেন মিচেল স্টার্ক। আজকেও কলকাতার বিপক্ষে দলের তিনি অন্যতম প্রধান ভরসা। তবে বাকি বোলারদের সম্মিলিতভাবে ভালো বোলিং করার চেষ্টা করতে হবে । তাহলেই জয় পাওয়া সহজ হবে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ব্যাটিং সহায়ক হলেও এখানে স্পিনাররা সুবিধা পান। দুই দলে উচ্চ মানের কয়েকজন স্পিনার আছেন। তারা কেমন খেলেন সেদিকে নজর থাকবে সকলের।

এখন দেখার অপেক্ষা দিল্লির ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স তাদেরকে হারাতে সক্ষম হয় কি না ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *