রাজ্যে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপই করল না হাইকোর্ট
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে অজয় পাল শর্মাকে । গতকাল ২৭ শে ফেব্রুয়ারি , ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষক অজয়। তাঁর বিরুদ্ধে এ বার একাধিক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। কিন্তু আদালত এই মামলায় হস্তক্ষেপ করেনি।
সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে মঙ্গলবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন ওই আইনজীবী। তাঁর অভিযোগ, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন উত্তরপ্রদেশের এই পুলিশ অফিসার। এমনকি তার বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ তুলেছেন ওই আইনজীবী।তার বক্তব্য, তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশেও একাধিক মামলা রয়েছে। আদালতের কাছে আইনজীবীর আবেদন জানিয়েছেন , ওই আইপিএস অফিসারকে নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, ২৯ এপ্রিল পর্যন্ত আদালত এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে হস্তক্ষেপ করা হবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে ।
ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান বলেন , ‘পুলিশ অবজ়ার্ভার এ সব করতে পারেন না। কোথাও কোনও অভিযোগ উঠলে উনি স্থানীয় পুলিশ সুপারকে জানাবেন। উনি মহিলা-পুরুষ সকলকে হুমকি দিচ্ছেন। উনি সিংহম হলে আমি পুষ্পা। আমরা মাথানত করি না। আমরা মাথানত করি শুধু মানুষের সামনে গণদেবতার সামনে।’
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবারও ফলতার বিভিন্ন এলাকা পরিদর্শনে যান অজয় পাল শর্মা। সূত্রের খবর, এলাকায় যাঁদের বিরুদ্ধে ভোটাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, তাঁদের নামের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই সব ব্যক্তির বাড়িতেই যাচ্ছিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক।
