IPL-Cricket : অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস, হাই স্কোরিং ম্যাচে লখনউয়ের বিপক্ষে ৫৪ রানে জিতল তারা …….
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এ জিতেই চলেছে পাঞ্জাব কিংস। এখনো পর্যন্ত তারাই একমাত্র এবারের আসরে অপরাজিত দল। হাই স্কোরিং ম্যাচে ঋষভ পান্থ এর দল লখনউ সুপার জায়ান্টকে ৫৪ রানের ব্যবধানে হারালেন শ্রেয়স আয়াররা ।
আজ প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস। প্রথম ওভারেই প্রভা সিমরন সিংয়ের উইকেট হারালেও পাঞ্জাবের ইনিংসে কোন প্রভাব পড়েনি। কুপার কনোলির সঙ্গে জুটি বেঁধে লখনউ বোলারদের একের পর এক বল বাউন্ডারি পার করাতে থাকেন। তৃতীয় উইকেটে পার্টনারশিপ হয় ১৮২ রানের । দুজনেই সেঞ্চুরি করার কাছাকাছি ছিলেন । প্রিয়াংশর্য ৩৭ বল খেলে ৯৩ রানে আউট হন । কুপার কনোলি ৪৬ বলে ৮৭ রানের মহামূল্যবান ইনিংস খেলেন । পরপর দুই ওভারে এই দুই সফল ব্যাটার আউট হন । পাঞ্জাবের রান তোলার গতি দেখে মনে হয়েছিল তারা এই ম্যাচে ৩০০ রানের গন্ডি পার করে যাবে । কিন্তু শেষ ৬ ওভারে দলের স্কোরবোর্ডে যোগ হয় ৬৭ রান । এর পর মার্কাস স্টয়নিস (২৯) , নেহাল ওয়াধেরা (১৩) ও শশাঙ্ক সিং (১৭) রান করেন । শেষমেষ কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে পাঞ্জাব কিংস । লখনও বোলারদের মধ্যে একমাত্র প্রিন্স যাদব কম রান খরচ করেন । তার এ দিনের বোলিং ইকোনমি ছিল ৬. ২৫ । বাকি বোলাররা প্রত্যেকেই ১০ এর উপরে রান খরচ করেন ওভারপ্রতি । প্রিন্স যাদব ও এম সিদ্ধার্থ দুটি করে উইকেট নেন । মহম্মদ শামি ও মহসিন খান একটি করে উইকেট নেন ।
২৫৫ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকে চালিয়ে ফেলার চেষ্টা করে লখনউ । ব্যাটিং পাওয়ারপ্লের মধ্যে ৬১ রান ওঠে। চেষ্টার কোনো খামতি রাখেনি ঋষভ পান্থ এর দল। দলের দুই ওপেনার মিচেল মার্শ ২৮ বলে ৪০ ও আয়ুষ বাদোনি ২১ বলে ৩৫ রান করেন । অধিনায়ক ঋষভ এর সংগ্রহ ২৩ বলে ৪৩ রান । গুরুত্বপূর্ণ এই ম্যাচে যেখানে ঝোড়ো গতিতে রান তোলার কথা সেই পরিস্থিতিতে আরো একবার ব্যর্থ হন ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান। এবারের আইপিএলে এখনো পর্যন্ত তার সর্বমোট রান ৫১। ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে মননিবেশ করার জন্য তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তড়িঘড়ি অবসর নিয়েছিলেন । তারপর থেকে তার ব্যাটিং ফর্ম পড়তির দিকে। এ দিনের ম্যাচে তিনি মাত্র নয় রান করেন । ২২ বলে ৪২ রান করেন এইডেন মার্করাম । মুকুল চৌধুরী ২১ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০০ রান তুলতে সক্ষম হয় লখনউ সুপার জায়ান্ট। ৫৪ রানে ম্যাচ হারে তারা।
আজকে জিতে ছয় ম্যাচ খেলে ১১ পয়েন্ট হলো শ্রেয়স আয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস এর। চলতি আইপিএলে এখনো তারা অপরাজিত থাকলেন । তাদের পরবর্তী ম্যাচ আগামী ২৫শে এপ্রিল দিল্লির বিরুদ্ধে ।
