পয়লা বৈশাখের পরের দিন বেঙ্গালুরু এফসির মুখোমুখি ইস্টবেঙ্গল
কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইএসএলে ধাক্কা সামলে এখন দারুন ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল । শেষ দুটি ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে লাল হলুদ শিবির । আজ ১৬ই এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামছে অস্কার ব্রুজোর দল। এই মুহূর্তে তারা লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছেন। আজকে জিতে পয়েন্ট টেবিলের আরো উপরের দিকে উঠার লক্ষ্য লাল হলুদ শিবিরের।
চোট পেয়ে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন মাঝমাঠের অন্যতম স্তম্ভ মহেশ । কোচ অস্কার জানান “মহেশের ড্রেসিংরুমে থাকাটা খুব গুরুত্বপূর্ণ দলের কাছে” । ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার ব্রুজ়ো বেঙ্গালুরু এফসি-র খেলোয়াড় স্যানচেজ়ের রেড কার্ড তুলে নেওয়ার এআইএফএফ এর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। এই সিদ্ধান্তকে অপেশাদার এবং ভুল সময়ে নেওয়া সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে এই ধরনের পরিবর্তন দলের প্রস্তুতির ওপর বিরূপ প্রভাব ফেলে। তিনি মনে করেন, রেফারির সিদ্ধান্তকে এভাবে বদলে দেওয়া লিগের পেশাদারিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় বলে মন্তব্য লাল হলুদ কোচের । গত ম্যাচে চেন্নাইয়ন এফসির বিরুদ্ধে যে ভুলগুলো হয়েছিল সেগুলি শুধরে নিয়ে বেঙ্গালুরু ম্যাচে আরও কমপ্যাক্ট হওয়ার পরিকল্পনা করছেন অস্কার। তিনি বলেন, ‘বেঙ্গালুরু একটি শক্তিশালী দল। আশিক কুরুনিয়ান বা রায়ান উইলিয়ামসের মতো খেলোয়াড়দের আটকাতে আমাদের রক্ষণকে আরও আঁটোসাঁটো হতে হবে।’ তবে দলের বর্তমান ছন্দ এবং ড্রেসিংরুমের ইতিবাচক পরিবেশ নিয়ে তিনি আশাবাদী। এছাড়া সুনীল ছেত্রীকেও সমীহ করছে ইস্টবেঙ্গল।
আজকের ম্যাচের দুই প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। এই ম্যাচে যে দল জয় পাবে তাদের কাছে টেবিলের দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ থাকবে। এবার দেখার অপেক্ষায় যুবভারতী স্টেডিয়ামে এই ম্যাচে কারা জয় অর্জন করতে সক্ষম হয়?
