আজকের দিনেতিলোত্তমা

মোবাইল নিয়ে বচসার জেরে রক্তারক্তি কাণ্ড

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: খাস কলকাতায় সামান্য মোবাইল ফোন নিয়ে বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি। সহকর্মীর এলোপাথাড়ি মারে মৃত্যু হলো এক যুবকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার তপসিয়া থানা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম তারকনাথ সামন্ত। বর্ধমানের বাসিন্দা তারকনাথ তপসিয়া সাউথ রোডের একটি দোকানে কাজ করতেন। তাঁর পাশের দোকানেই কাজ করতেন অভিযুক্ত তৌফিক আনসারি। মঙ্গলবার রাতে মোবাইল ফোন সংক্রান্ত কোনও বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। বচসা চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে তারকনাথকে বেধড়ক মারধর শুরু করেন তৌফিক। অভিযোগ, তৌফিক কেবল মারধরই নয়, রক্তাক্ত অবস্থায় তারকনাথ রাস্তায় লুটিয়ে পড়লে তাঁকে লক্ষ্য করে উপর্যুপরি পদাঘাত করতে থাকে। এতেই জ্ঞান হারান তিনি। আর্তনাদ শুনে পাশের একটি আবাসনের নিরাপত্তারক্ষীরা ছুটে এসে তারকনাথকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তপসিয়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত তৌফিক আনসারিকে শনাক্ত করা হয়। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। অবশেষে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে তৌফিককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত তৌফিক আনসারির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। সামান্য একটা মোবাইল ফোনকে কেন্দ্র করে কেন এই চরম হিংসা, নাকি এর পেছনে অন্য কোনও পুরনো শত্রুতা ছিল— তা জানতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কর্মস্থলে এমন নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *