জ্বালানি কাঠ শুকানো নিয়ে বচসা মুর্শিদাবাদে ভাইয়ের হাতে ‘খুন’ ভাই! নেপথ্যে কি গ্যাস সংকট?
কিউ ইন্ডিয়া বাংলা,সালার, মুর্শিদাবাদ: রান্নার গ্যাসের আকাল আর সেই অভাব থেকে তৈরি হওয়া সামান্য বিবাদ যে এত বড় মর্মান্তিক রূপ নিতে পারে, তা ভাবতেও পারছেন না মুর্শিদাবাদের সালার থানার সালু এলাকার বাসিন্দারা। জ্বালানির কাঠ শুকানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের তুমুল বিবাদের জেরে প্রাণ হারালেন দাদা সুদ্ধধন মাঝি। অভিযুক্ত ভাই ঘটনার পর থেকেই পলাতক। বর্তমানে জেলাজুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া নিয়ে হাহাকার চলছে। সেই কারণেই রান্নার বিকল্প ব্যবস্থা হিসেবে বেশ কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করেছিলেন সুদ্ধধন মাঝির ভাই। আজ, শুক্রবার সকালে সেই কাঠগুলি বাড়ির সামনে রোদে শুকাতে দিয়েছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সামনে কাঠ রাখা নিয়ে আপত্তি জানান সুদ্ধধন মাঝি। তিনি ভাইকে কাঠগুলি সেখান থেকে সরিয়ে নিতে বলেন। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। বিবাদ চরমে পৌঁছালে অভিযুক্ত ভাই রাগের মাথায় একটি বাঁশ দিয়ে সুদ্ধধনের মাথায় সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুদ্ধধন। গুরুতর জখম অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, বর্ধমান যাওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় সুদ্ধধন মাঝির। ঘটনার খবর পেয়েই সালার থানার পুলিশ তদন্তে নেমেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাই এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।
সামান্য জ্বালানি কাঠ নিয়ে বিবাদের জেরে এমন ভ্রাতৃঘাতী দাঙ্গায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের দাবি, গ্যাসের সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে যে মানসিক চাপ তৈরি হচ্ছে, এই ঘটনা তারই এক চরম বহিঃপ্রকাশ।
