দিল্লিতে এক মঞ্চে তিন বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধনার পরিকল্পনা বোর্ডের
কিউ ইন্ডিয়া বাংলা :- সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল । আগামী ১৫ই মার্চ বিশ্বকাপ জয়ের জন্য সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই । তবে এবারের সংবর্ধনা অনুষ্ঠানে থাকছে বিশেষ চমক । প্রথমত সংবর্ধনা অনুষ্ঠান মুম্বাই থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া একই মঞ্চে তিনটি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় বোর্ড।
সূত্রের খবর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় পুরুষদের সিনিয়র দল, ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী মহিলা ভারতীয় জাতীয় দল এবং অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দল । এই তিনটি দলকে একত্রিত করে বিশাল সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। আগামী ১৫ই মার্চ নয়য়া দিল্লিতে ভারতীয় বোর্ড আয়োজিত নমন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা করা হবে। বিগত কয়েক বছর ভারতীয় ক্রিকেটে সোনার সময় চলছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর থেকে ক্রিকেট বিশ্বে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে নিজেদের মেলে ধরেছে । প্রত্যেক জায়গায় সাফল্যের মুখ দেখেছে ভারতের দল। ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতের পুরুষদের সিনিয়র ক্রিকেট দল। এর পরের বছর ২০২৫ এ দেশের মাটিতে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপে জয়লাভ করে । মহিলাদের বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয় ভারত । এই বছর ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে আয়ুষ মাত্রের নেতৃত্বে ষষ্ঠবারের জন্য অনূর্ধ্ব ১৯ বিভাগে ওয়ানডে বিশ্বকাপ জয় করে ভারত । আর গত সপ্তাহে সূর্য কুমার যাদবের নেতৃত্বে আমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের জন্য পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এই তিনটি দলকেই একত্রিত করে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরো একটা খবর পাওয়া যাচ্ছে আগামী ১৫ই মার্চ অনুষ্ঠানের আগে চেষ্টা চলছে এশিয়া কাপ ট্রফি নিয়ে আসার। এশিয়া কাপ জিতেও এখনো পর্যন্ত ট্রফি হাতে পাইনি ভারতীয় ক্রিকেট দল কারণ ট্রফি নিয়ে চলে গিয়েছিলেন এশিয়া ক্রিকেট কাউন্সিলর প্রধান তথা পিসিবি কর্তা মহসিন নকভি । তিনি জানিয়েছিলেন এশিয়া কাপ ট্রফি নিতে গেলে তার অফিস থেকে এসে নিতে হবে। এখনো অব্দি সেই ট্রফি পৌঁছায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের দপ্তরে। তবে আগামী ১৫ই মার্চ নমন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আগে সেই ট্রফি নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে ।
