আবগারি মামলায় বেকসুর কেজরীবাল-সিসোদিয়া, বড় স্বস্তি আপের
কিউ ইন্ডিয়া বাংলা :- দিল্লির রাজনীতিতে বড় মোড়। আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন অরবিন্দ কেজরীবাল ও মণীশ সিসোদিয়া। বিশেষ সিবিআই আদালতের এই রায়ে স্বস্তিতে আম আদমি পার্টি শিবির।
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক জিতেন্দ্র সিং জানান, অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য ও নথি পেশ করতে পারেনি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। ফলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা আবগারি দুর্নীতির অভিযোগ টেকেনি আদালতে।
রায় ঘোষণার পর আদালত কক্ষেই আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। বাইরে বেরিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কেজরীবাল। তাঁর স্ত্রী সুনীতা কেজরীবাল বলেন, “সত্যের জয় হয়েছে।”
দিল্লির আবগারি নীতি নিয়ে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতারও হয়েছিলেন কেজরীবাল ও সিসোদিয়া। পরে জামিনে মুক্তি পেয়ে নির্বাচনে লড়েছিলেন তাঁরা। তবে বিধানসভা নির্বাচনে আপের ফল ছিল হতাশাজনক এবং ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আবগারি বিতর্কই নির্বাচনে ভরাডুবির অন্যতম কারণ ছিল।
এদিন আদালত স্পষ্ট জানায়, এত গুরুতর অভিযোগের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও সুস্পষ্ট প্রমাণ অপরিহার্য। প্রমাণ ছাড়া কাউকে ‘মূলচক্রী’ আখ্যা দেওয়া যায় না। অন্যথায় বিচারব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ হতে পারে। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি বলে পর্যবেক্ষণ আদালতের। বিভিন্ন বয়ান ও নথি খতিয়ে দেখে বিচারক মন্তব্য করেন, এতে দুর্নীতির চেয়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই বেশি প্রতিফলিত হয়েছে।
আদালত আরও উল্লেখ করে, আবগারি নীতি প্রণয়নের আগে একাধিক স্তরে আলোচনা হয়েছিল। সিবিআই যে অভিযোগ এনেছিল, তা আদালতে টেকেনি। ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে আপ নেতৃত্ব।
