আজ জামশেদপুর এফসির মুখোমুখি ইস্টবেঙ্গল
কিউ ইন্ডিয়া বাংলা:- আইএসএলের ইতিহাসে এই প্রথম শুরুর দুই ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিকের দৌড়ে রয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলেই টানা তিন ম্যাচ জয়ের নজির গড়বেন অস্কার ব্রুজোর দল ।
ম্যাচের আগে একটা সমস্যা চিন্তায় রাখছে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোকে। এদিনও সল ক্রেসপো চোটের জন্য পুরো অনুশীলন করতে পারেননি। আজকের ম্যাচে তাকে প্রথম একাদশে নাও পাওয়া যেতে পারে । ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়ে গেলেন, “সলের জন্য সকাল পর্যন্ত দেখা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত।” আগের ম্যাচে নিয়মের কারণে শেষ পর্যন্ত বেঞ্চে রাখতে পারেননি নবাগত বিদেশি অ্যান্টন সোজবার্গকে। জামশেদপুরের বিরুদ্ধে লাল হলুদ জার্সিতে ডেবিউ হচ্ছে তার। ইস্টবেঙ্গলের ইতিবাচক দিক, নাওরেম মহেশের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা। গত দু’দিন ঘাড়ের ব্যথার জন্য মিগুয়েল অনুশীলন করতে না পারলেও এদিন কিন্তু ঘাড়ে স্ট্যাপ লাগিয়ে পুরো অনুশীলন করলেন তিনি । প্রথম একাদশে তার উপস্থিতি নিশ্চিত নয়।প্রতিপক্ষ দলকে নিয়েও বেশ সতর্ক লাল হলুদ কোচ ব্রুজ়ো। বলেছেন, “জামশেদপুর যথেষ্ট শক্তিশালী দল। ওরাও আমাদের মতো টানা দুটো ম্যাচ জিতেছে। ওদেরও আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। ওয়েন কয়েল কোচ হিসাবে রয়েছেন, যিনি আগে জামশেদপুরকে লিগ-শিল্ড জিতিয়েছেন। তা ছাড়া মাধি তালাল, রাফায়েল মেসি বৌলির মতো ফুটবলার রয়েছে ওদের। প্রসঙ্গত এই দুই ফুটবলার গত বছর ইস্টবেঙ্গল শিবিরেই ছিলেন । বিভিন্ন কারণবসত লাল হলুদ শিবির ছাড়তে হয়েছিল তাদেরকে। কলকাতার মাঠ ও ইস্টবেঙ্গল দল তাদের হাতের তালুর মত চেনা।
টানা তৃতীয় ম্যাচে জয় পাওয়া প্রসঙ্গে কোচ অস্কার বলেন ভবিষ্যতের কথা ভাবতে নারাজ তিনি । একটি ম্যাচ ধরে ধরে এগোতে চান। আপাতত লক্ষ্য জামশেদপুরকে হারানো। “আমি কখনওই দূরের কথা ভাবতে ভালবাসি না। ম্যাচ ধরে ধরে এগোতে চাই। সে কারণেই জামশেদপুরকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়া আমার কাছে জরুরি।
