চা বাগানে শ্রমিকের মৃতদেহ উদ্ধার
কিউ ইন্ডিয়া বাংলা :- উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের লছুগছ ৮ নম্বর কোয়ার্টার এলাকায় সোমবার সকালে এক মহিলা চা শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মৃতার নাম জয়ন্তী ওরাও(৫০)। তিনি স্থানীয় মাতৃ টি স্টেট-এর একজন শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা তাঁর ঘরের ভেতরেই তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, এবং বিষয়টি জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে আসেন ও পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তাঁরা রয়েছেন। মৃতের শরীরের ক্ষত ও অবস্থান খতিয়ে দেখে মৃত্যুর পেছনে আসল কারণ বের করার চেষ্টা চলছে। যদিও স্থানীয়দের একাংশ মনে করছেন, ঘটনাটির পেছনে কোনো রহস্য বা অন্য কোনো কারণ থাকতে পারে।
জানা গেছে, জয়ন্তী ওরাও একাই থাকতেন। তাঁর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। দুই ছেলে বাইরে কাজ করেন একজন সিকিমে, অন্যজন দিল্লিতে। ঘটনার খবর তাঁদের জানানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ঘরোয়া আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে। সেই সঙ্গে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছ থেকে দ্রুত স্পষ্ট তথ্য ও তদন্তের ফলাফল আশা করছেন।
