দিল্লির নামী স্কুলে বোমা-ইমেল, তৎপর পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা :- সোমবার সকালে রাজধানী দিল্লিতে চাঞ্চল্য ছড়ায় একের পর এক বোমা-হুমকির ইমেল ঘিরে। সকাল সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে দিল্লির প্রথম সারির মোট ৯টি স্কুলে ইমেল আসে। সেখানে জানানো হয়, দুপুরে বিস্ফোরণ ঘটানো হবে। এমন হুমকি পেয়ে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষের মধ্যে। দ্রুত স্কুলের সমস্ত ক্লাসরুম খালি করে দেওয়া হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইমেলে লেখা ছিল—‘দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ ইমেলের শেষে লেখা ছিল ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’।
যে স্কুলগুলিতে এই হুমকি-ইমেল আসে, সেগুলির মধ্যে রয়েছে দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর সিএম শ্রী স্কুল, আইএনএ এলাকার ডিটিইএ স্কুল, রোহিনীর বাল ভারতী স্কুল এবং নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল।
ইমেলে শুধু স্কুল নয়, সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে সংসদও উড়ানো হবে। পাঞ্জাব হল খলিস্তান।’
উল্লেখযোগ্য বিষয় হল, গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই বারবার এই ধরনের বোমা-হুমকির ঘটনায় আতঙ্ক বাড়ছে। এর আগেও, গত ২৯ জানুয়ারি দিল্লির পাঁচটি স্কুল একই ধরনের ইমেল পেয়েছিল। পরে তদন্তে জানা যায়, সেই হুমকি সম্পূর্ণ ভুয়ো ছিল। তার একদিন আগে দ্বারকা আদালত চত্বর উড়িয়ে দেওয়ার হুমকিও পাওয়া গিয়েছিল, সেটিও গুজব বলেই প্রমাণিত হয়।
দিল্লি পুলিশ আগেই জানিয়েছে, এই ধরনের ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
