Cricket : আজ তিরুবন্তপুরমে জিতে সিরিজ শেষ করতে চায় সূর্যরা……
কিউ ইন্ডিয়া বাংলা:- ভারত – নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। প্রথম তিনটি ম্যাচ জিতে টিম ইন্ডিয়া সিরিজ নিজেদের দখলে করলেও , চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা । ৫০ রানের ব্যবধানে গম্ভীর এর ছেলেদের হারায় মিচেল স্যান্টনার – গ্লেন ফিলিপসরা । এমতাবস্থায় সিরিজের ফলাফল নির্ধারিত হয়ে গেলেও পঞ্চম তথা শেষ ম্যাচ ঘিরে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে , ম্যাচের দুদিন আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। ঘরের ছেলে সঞ্জুকে দেখার জন্য এই উন্মাদনা দর্শকদের ধারণা ক্রিকেট মহলের । সঞ্জুর শহরে এই ম্যাচ জিতে সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করতে চায় মেন ইন ব্লু।সিরিজের শেষ ম্যাচে দলে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। চতুর্থ ম্যাচে একজন বেশি ব্যাটার কম নিয়ে খেলেছিল , বিশ্রাম দেওয়া হয়েছিল ইশান কিশানকে। সম্ভবত এই ম্যাচে ইশান ফিরবেন। ব্যাটিংয়ে আর কোনো বদল করবে না টিম ম্যানেজমেন্ট এটা প্রায় নিশ্চিত । পরিবর্ত হিসেবে দলে যোগ দেওয়া শ্রেয়স আয়ারকে এই ম্যাচও বেঞ্চে বসে কাটাতে হবে। বোলিং বিভাগে কিছু পরিবর্তন হতে পারে। গত ম্যাচে বেশি রান খরচ করা হর্ষিত রানাকে বসাতে পারে কোচ গৌতম গম্ভীর। তার বদলে বরুণ চক্রবর্তীকে শেষ ম্যাচে প্রথম একাদশে ফেরানো হতে পারে , আর কুলদীপ এর বদলে ফিরতে পারেন অক্ষর প্যাটেল । সেক্ষেত্রে একজন অতিরিক্ত অলরাউন্ডার পাবে ভারত এবং স্পিন অপশন ও বেশি থাকবে।
অপরদিকে টি টোয়েন্টি সিরিজ হারলেও কিউই শিবিরে আবহাওয়া ইতিবাচক । তারা এই সিরিজ থেকে অনেক কিছু শিখেছে,যা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ ও পরবর্তী সময়ের ম্যাচ গুলিতে কাজে লাগাবে। রায়পুরের টি টোয়েন্টি ম্যাচটি বাদ দিয়ে বাকি তিনটি ম্যাচে তুল্যমূল্য লড়াই করেছে কিউই ব্যাটাররা। তাদের ব্যাটিংয়ে কৌশলী পরিকল্পনা লক্ষ্য করা গেছে। কিন্তু বোলিং বিভাগের পারফরম্যান্স হতশ্রী। প্রত্যেক ম্যাচে ভারতীয় ব্যাটারদের সামনে রানের বন্যা বইয়ে দিয়েছেন। শেষ ম্যাচে তাদের বোলিং বিভাগে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম একাদশে সুযোগ পেতে পারেন লকি ফার্গুসন । তবে তিনি ফিরলে হয়তো বসানো হবে জে ফক্সকে । আর অলরাউন্ডার জিমি নিশামকে খেলিয়ে দেখে নিতে পারে কিউই কোচ , তবে নিশাম খেললে কার জায়গায় খেলানো হবে ? সেটা স্পষ্ট করে বলা হয়নি সফরকারী দলের পক্ষ থেকে। এখন এটাই দেখার শেষ ম্যাচ কারা জয়লাভ করে ? খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে।
